ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের পর এবার প্রস্তাবিত বাজেটে শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের সমালোচনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছে তারা।
বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, "শুল্ক কাঠামোর এ পুনর্বিন্যাস দেশে শিল্প বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।"
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বৃহস্পতিবার ২০০৭-০৮ অর্থবছরের জন্য ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
ওই বাজেটে শুল্কহার পুনর্বিন্যস্ত করে ১০ শতাংশ, ১৫ শতাংশ ও ২৫ শতাংশের তিনটি স্তর প্রবর্তনের প্রস্তাব করা হয়। বিদ্যমান কাঠামোতে তিনটি স্তরের শুল্কহার হচ্ছে পাঁচ শতাংশ, ১২ শতাংশ ও ২৫ শতাংশ।
তবে সব খাতকে বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ বাজেট দেওয়ার ক্ষেত্রে অর্থ উপদেষ্টার আন্তরিকতার প্রশংসা করেছে সিপিডি।
অর্থ উপদেষ্টা অবকাঠামো উন্নয়ন খাতে বিদ্যমান চার শতাংশ শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করেছেন। একই সঙ্গে সম্পূর্ণ প্রস্তুত আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ধরা হয়েছে।
ড. দেবপ্রিয় বলেন, "রাজস্ব বোর্ডের কাছে অনুরোধ থাকবে, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির শুল্ক যেন একই কাঁচামাল থেকে উৎপাদিত সম্পূর্ণ প্রস্তুত পণ্যের চেয়ে বেশি না হয় সে বিষয়ে যেন তারা সতর্ক দৃষ্টি রাখেন।"
তবে বিনিয়োগ বৃদ্ধির ওপরই অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে বলে মনে করে সিপিডি। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আশঙ্কা প্রকাশ করেছে, ব্যাপক ঘাটতি থাকায় প্রয়োজনীয় অর্থের অভাবে অনেক কর্মসূচি বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়তে পারে।
উপদেষ্টা অবশ্য আশা প্রকাশ করেছেন, রাজস্ব আদায়ে গতিশীল করার পাশাপাশি অভ্যন্তরীণ ও বৈদেশিক অনুদানের উৎস থেকে ঘাটতি মোচন করা যাবে।
তবে দেবপ্রিয় ভট্টাচার্য্যরে মত, প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক অনুদান পাওয়া না গেলে সরকারকে পুনরায় ব্যাংকগুলোর দ্বারস্থ হতে হবে। ফলে সে ঋণের সুদ হার আবার কাঁধে চাপবে।
তিনি বলেন, "বাজেট বাস্তবায়ন অনুদান পাওয়ার ওপর নির্ভর করছে; আর এটাই সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।"
সরকারি ব্যয় বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে পারে বলে সরকারকে সতর্ক করেছে সিপিডি।
এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে বাজারে মুদ্রা সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা।"
ড. দেবপ্রিয় কৃষি, বিদ্যুৎ ও জননিরাপত্তামূলক খাতের ওপর প্রস্তাবিত বাজেটে গুরুত্ব দেওয়ায় প্রশংসা করেন। তবে শিক্ষা খাতে বরাদ্দের সঙ্গে ধর্মীয় খাত যুক্ত করার সমালোচনা করে তিনি বলেন, "এটা আলাদা করে দেখানো উচিত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমআই/এমএইচবি/১৮০৯ ঘ.
bdnews24