ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন অর্থবছরে কোমল পানীয়, বোতলজাত পানি, সাবান, মোবাইলের সিম কার্ড, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ, ওয়াসার পানিসহ কিছু পণ্যের দাম বাড়তে পারে।
অন্যদিকে ভোজ্য তেল ও মসুর ডাল, নিউজপ্রিন্ট ও রিকন্ডিশনড গাড়ির দাম কমার সম্ভবনা রয়েছে।
দাম বাড়তে পারে
কোমল পানীয়; বোতলজাত খণিজ পানি; ওয়াসার পানি; সাবান; মোবাইল ফোনের সিম কার্ড; কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ; অ্যাকুইরিয়ামের মাছ; কুরিয়ার সার্ভিস; টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সেবাদানকারী সংস্থা; বীমা কোম্পানি; প্রেক্ষাগৃহের টিকেট; বিদেশী শিল্পীদের এনে আয়োজন করা বিনোদনমূলক অনুষ্ঠানের টিকেটের দাম বাড়তে পারে।
বস্ত্রশিল্পের যন্ত্রপাতি, টেলিযোগাযোগ যন্ত্রাংশ, কৃষিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত পাম্প, আমদানি করা আসবাবপত্র, সিএনজি চালিত বাস, অটো ডিসপোজেবল সিরিঞ্জ এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত অপরিশোধিত চিনির দামও বাড়তে পারে।
এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ডেন্টাল ক্লিনিক, ফটো ল্যাব, যাত্রীবাহী এসি বাস সার্ভিস, রেস্তোরাঁ, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, পণ্যাগার, বন্দর, বিমান বা হেলিকপ্টার ভাড়াদানকারী প্রতিষ্ঠান, ভূমি উন্নয়ন সংস্থা ও নির্মাণ সংস্থার খরচও বাড়নো হতে পরে।
পাশাপাশি কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যমের স্কুল, বেসরকারি মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ বাড়তে পারে।
বাজেটে ফ্লেভার্ড দুধ, টমেটো পেস্ট, এলপি গ্যাস, কাগজ, এমএস প্রোডাক্ট, তারকাটা, চিলার, বৈদ্যুতিক ট্রান্সফরমার, হিউম্যান হলার, পণ্যবাহী যান্ত্রিক নৌযান ও স্ক্র্যাপ জাহাজের পণ্যের শুল্কও বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব রাখা হয়েছে।
দাম কমতে পারে
ভোজ্য তেল, মসুর ডাল, রিকন্ডিশনড গাড়ি, নিউজপ্রিন্ট, ক্রেডিট কার্ড, স্থানীয়ভাবে উৎপাদিত প্লাস্টিক পণ্য,আমদানি করা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, ইনসুলিন, প্রাথমিক চিকিৎসার বাক্স, হিয়ারিং এইড, অপারেশন থিয়েটারে ব্যবহারের বৈদ্যুতিক বাতি ও সিএনজিচালিত ট্রাকের দাম কমতে পারে।
এছাড়া বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবনে ব্যবহারের জন্য অগ্নি নির্বাপক যন্ত্রপাতির দাম কমানো হতে পারে।
অপরিবর্তিত থাকবে
চাল, গম, পিঁয়াজ, মটর ডাল, ছোলার ডাল, ইনসুলিনসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ ও আমদানি করা সারের দাম অপরিবর্তিত থাকতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/জেকে/জিএনএ/২০৫০ ঘ.
bdnews24