ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---নতুন অর্থবছরে আরও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। এছাড়া বাজারে শেয়ার না ছাড়লে মোবাইল ফোন কোম্পানিগুলোর ওপর বেশিহারে কর আরোপের প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, "দেশের পুঁজিবাজার ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। সেখানে লেনদেনে লক্ষণীয় প্রবৃদ্ধির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। আগামী অর্থবছরে আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে।"
বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও জ্বালানি খাতের সরকারি মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া হলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
নতুন অর্থবছরে মোবাইল ফোন কোম্পানিগুলো বাজারে শেয়ার না ছাড়লে তাদের ৪৫ শতাংশ কর দেওয়ার বিধান রাখার প্রস্তাব করেন আজিজুল ইসলাম।
তিনি বলেন, "তবে ওইসব কোম্পানি বাজারে শেয়ার ছাড়লে তাদের ৩৫ শতাংশ হারে কর দিতে হবে।"
অর্থ উপদেষ্টা বলেন, "আর্থিক খাতকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়েছে। ঋণশৃঙ্খলা জোরদার করা, ব্যাংকিং খাতে গতি আনা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ভূমিকা শক্তিশালী করতে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সংশোধন করা হচ্ছে। এছাড়া অর্থ পাচার ও হুন্ডি ব্যবসা বন্ধ করতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/আরবি/এমএইচবি/১৬৩৮ ঘ.
bdnews24