ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ২০০৭--০৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, "কৃষিখাতে কিছুটা ধীরগতি লক্ষ করা গেলেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে ২০০৬--০৭ অর্থবছরের শেষে প্রবৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ শতাংশ অর্জিত হবে বলে ধারণা করা হচ্ছে। চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রবৃদ্ধির এই ধারা মধ্য মেয়াদেও বজায় থাকবে। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির হার হবে সাত শতাংশ।"
গত কয়েক বছর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির হার বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, "২০০৭ সালের মার্চে মূল্যস্ফীতি গড় হিসাবে ছয় দশমিক নয় শতাংশে এবং পয়েন্ট--টু--পয়েন্ট হিসাবে সাত দশমিক চার শতাংশে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন, "অধিকাংশ পণ্যই আমদানি নির্ভর হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে সরকারের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধ করা যায়নি।"
চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি সাত শতাংশের কাছেই থাকবে এবং নতুন অর্থবছরে তা ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এমএইচবি/১৬২১ ঘ.
bdnews24