ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কর বহির্ভূত আয়ের টাকা সাদা করায় জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন। একইসঙ্গে এ সংগঠনের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।
মীর নাসির হোসেন বলেন, রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের ফলে অনেক করদাতাই দুশ্চিন্তামুক্ত হবেন। এটা সরকারের রাজস্ব ঘাটতি পূরণেও সহায়ক হবে।
তিনি বলেন, কালো টাকা ও কর না দেওয়া টাকা এক নয়। কালো টাকা হচ্ছে দুর্বৃত্তায়নের টাকা। চাঁদাবাজি ও মাদক ব্যবসার টাকা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে এফবিসিসিআই সরকারের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানান মীর নাসির। তিনি বলেন, চেষ্টা করছি কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা যায়।
এফবিসিসিআই এর নির্বাচন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশকে স্বাগত জানিয়ে মীর নাসির বলেন, "বিষয়টি নিয়ে আমরা আইন বিশেষজ্ঞের মতামত চেয়ে পাঠিয়েছি। এজন্য সাধারণ সভা করতে হবে।"
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, এফবিসিসিআই এর নির্বাচনে কোনো ঋণখেলাপি কিংবা করখেলাপি ব্যক্তি অংশ নিতে পারবেন না। ফৌজদারি আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজার মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর নির্বাচনে অংশ নিতে পারবেন।
ডিফেন্স কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে এফবিসিসিআই এর সভাপতি বলেন, ডিফেন্স কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রতি বছরই আসেন। তারা বাংলাদেশের ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানতে চেয়েছেন। এ ছাড়া দ্রব্যমূল্য, সুশাসন নিয়ে আলোচনা হয়েছে।
এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মুহাম্মদ জহিরুল আলম এর নেতৃত্বে ৪৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এসডি/১৭০০ ঘ.
bdnews24