ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ঢাকার শেয়ার বাজারে লেনদেনের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ব্যাংকিং খাতের শেয়ার বেচাকেনার বদৌলতে মঙ্গলবার দিনের মধ্যভাগে এসে ধারাবাহিকভাবে মূল্যসূচক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হচ্ছে বাজারও।
দিনের শুরুতে দাম বাড়ার গতি স্বাভাবিক থাকলেও দিনের মাঝামাঝিতে এসে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে কিছুটা প্রভাব ফেলে।
দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শেয়ার বাজার বা ডিএসইতে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়ে দুই হাজার ৩৪ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূূল্যসূচক ১১ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ দশমিক ৯০।
মোট ১৬৪টি প্রতিষ্ঠানের লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৬৭টির এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এই সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা। সোমবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৮৪কোটি টাকা।
লেনদেনের দিক দিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি ছিল শীর্ষে। এর পরেই ছিল যথাক্রমে সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক।
মুনাফা তুলে নেওয়ার কারণে পাওয়ার গ্রিডের শেয়ারের দাম কিছুটা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটির শেয়ার সোমবারের ৬৩৩.৭৫ টাকা থেকে কমে ৬২২.৫০ টাকায় লেনদেন হচ্ছে।
তবে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪৪৬ টাকা থেকে বেড়ে ৪৫৭ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। কমে গেছে সামিট পাওয়ারের শেয়ার। প্রতিষ্ঠানটির শেয়ার ৯৩২.৫০ টাকা থেকে কমে ৯০৭.৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার মাত্র এক টাকা বেড়ে ৭৪৭ টাকায় লেনদেন হচ্ছে। পূবালী ব্যাংকের শেয়ারের দাম ৬৬৮.২৫ টাকা থেকে বেড়ে ৬৯১.২৫ টাকা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ব্যাংক, ডেসকো এবং ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ছিল উঠতির দিকে। তবে স্কয়ার ফার্মা এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম কিছুটা পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসডি/১৩৫৩ ঘ.
bdnews24