২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য বহুমুখীকরণের ওপর জোর দিয়ে নতুন রপ্তানি নীতি ঘোষণা

পণ্য রপ্তানির ক্ষেত্রে বহুমুখীকরনের ওপর জোর দিয়ে আগামী তিন বছরের জন্য রপ্তানি নীতি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ২০০৬--'০৯ অর্থবছরের রপ্তানি নীতি ঘোষণা করা হয়।রপ্তানি নীতির পাশাপাশি সরকার প্রথমবারের মতো তিন বছর মেয়াদি রপ্তানি উন্নয়ন কৌশলপত্রও তৈরি করেছে। এর মাধ্যমে রপ্তানি নীতির লক্ষ্য, পরিধি, বহুমুখীকরণ, রপ্তানির সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পণ্যভিত্তিক সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পণ্য রপ্তানির ক্ষেত্রে বহুমুখীকরনের ওপর জোর দিয়ে আগামী তিন বছরের জন্য রপ্তানি নীতি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ২০০৬--'০৯ অর্থবছরের রপ্তানি নীতি ঘোষণা করা হয়। রপ্তানি নীতির পাশাপাশি সরকার প্রথমবারের মতো তিন বছর মেয়াদি রপ্তানি উন্নয়ন কৌশলপত্রও তৈরি করেছে। এর মাধ্যমে রপ্তানি নীতির লক্ষ্য, পরিধি, বহুমুখীকরণ, রপ্তানির সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পণ্যভিত্তিক সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা সামান্য কয়েকটি পণ্য রপ্তানি করছি। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যাবে না।" তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, ওষুধ এবং কৃষি জাতীয় পণ্যের মাধ্যমে রপ্তানির বহুমুখীকরণ করা সম্ভব। সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় এ প্রচেষ্টা সফল করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। নতুন নীতিতে আগামী তিন বছরে সর্বোচ্চ অগ্রাধিকার খাতে ছয়টি পণ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি ও কৃষিজাত পণ্য, অটো--পার্টস ও বাইসাইকেলসহ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, জুতা ও চামড়াজাত পণ্য, ওষুধ, সফটওয়্যার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি পণ্য এবং হোম টেক্সটাইল পণ্য। এর আগের তিন বছরের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার খাতে পাঁচটি পণ্য ছিল। এবারে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ওষুধকে। এছাড়া বিশেষ উন্নয়নমূলক খাত হিসেবে নয়টি পণ্যকে নির্দিষ্ট করা হয়েছে। এরমধ্যে রয়েছে--ফিনিসড্ চামড়া উৎপাদন, হিমায়িত মৎস্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, হস্তশিল্পজাত পণ্য, ইলেকট্রনিক পণ্য, তাজা ফুল ও ফুলজাত পণ্য, পাটজাত পণ্য, পাহাড়ি তাঁত বস্ত্র, অমসৃণ হীরা এবং ভেষজ ওষুধ ও ওষুধি উদ্ভিদ পণ্য। এছাড়া নতুন নীতিতে তৈরি পোশাক, হিমায়িত মৎস্য, পাট, চামড়া, চা ও হস্তজাত শিল্পের ক্ষেত্রে আগের সুবিধাগুলো রাখা হয়েছে। ২০০৫--'০৬ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে আমদানি করেছে ১০৫২ কোটি ডলার। এর ৭৬ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। বিশেষজ্ঞ ও বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা বলছেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। অর্থ উপদেষ্টা বলেন, "মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে সামজ্ঞস্য রেখে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে নিয়েই এ নীতি তৈরি করা হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, নতুন রপ্তানি নীতি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি, দারিদ্র্য বিমোচন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রপ্তানি নীতি ২০০৬--'০৯ এ রপ্তানি অবাধ করার লক্ষ্যে জাহাজে মালামাল তোলার আগে সনদপত্র নেওয়ার নিয়ম বাদ দেওয়া হয়েছে। নিষিদ্ধ পণ্যের তালিকা থেকে বাঁশ এবং ছোট আকারের মিঠা পানির চিংড়িও বাদ দেওয়া হয়েছে। এছাড়া শর্তসাপেক্ষে বিনোদনমূলক অনুষ্ঠান, গান, নাটক, ছায়াছবি, প্রামাণ্য চিত্র এবং ইউরিয়া সার রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এদিকে নতুন পণ্য উৎপাদন, এর বহুমুখীকরণ এবং অধিক পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার প্রতিবছর গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের (সিআইপি) মর্যাদা এবং জাতীয় রপ্তানি ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ট্রফি এবং নারী সিআইপি নির্বাচনের ব্যবস্থাও রাখা হয়েছে নতুন নীতিতে। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/আরবি/এমআই/১৮২০ ঘ.