ঢাকা, মে ৩০ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশ্ব ব্যাংক শেষপর্যন্ত বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা ঋণের চতুর্থ কিস্তির ২০ কোটি ইউ এস ডলার দেওয়ার বিষয়টি চুড়ান্তভাবে অনুমোদন করেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়।
ইআরডি'র অতিরিক্ত সচিব শহিদুল হক বুধবার বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব ব্যাংক আজ আমাকে বিষয়টি নিশ্চিত করেছে। এবিষয়ে আমরা কয়েক দিনের ভেতরেই একটি চুক্তি স্বাক্ষর করবো।"
চুক্তি অনুসারে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে উন্নয়ন সহায়তা ঋণের চতুর্থ কিস্তির টাকা ছাড় করার কথা ছিল। চলতি অর্থবছরের বাজেট সাহায্য হিসেবে এই টাকা দেওয়ার কথা ছিল।
কিন্তু চতুর্থ কিস্তির অর্থ ছাড় করতে দেরী হওয়ার কারণ হিসেবে বিশ্ব ব্যাংক জানায়, তৃতীয় কিস্তির অর্থ নেওয়ার সময় বাংলদেশ যেসব শর্ত পূরণের কথা বলেছিল তা যথাযথভাবে পূরণ হয়নি।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সন্তোষজনক সংস্কার কর্যক্রমের কারণে বিশ্বব্যাংক চতুর্থ কিস্তির টাকা ছাড়ের অনুমোদন দেয়।
ব্যাংকের বিবৃতিতে বলা হয়, "দুর্নীতির উচ্চ হার, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দারিদ্রের সঙ্গে সংগ্রাম সত্ত্বেও বাংলাদেশে বর্তমানে তাৎপর্যপূর্ণ সংস্কার কার্যক্রম চলছে। এর ফলে উন্নয়ন কার্যক্রমের অপেক্ষাকৃত ভালো ফলাফল আসবে।"
বিৃতিতে আরও বলা হয়, "বর্তমান সরকারের পুনর্গঠন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।"
উন্নয়ন সহায়তা ঋণের মূল উদ্দেশ্য হলো, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মুক্ত বানিজ্য, জ্বালানী ও আর্থিক খাতের আরও ভালো কার্যক্রম সরকারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠন নিশ্চিত করা।
বিশ্ব ব্যাংকের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর জিয়ান ঝু বলেন, "উন্নত সরকার ব্যবস্থা, দারিদ্র বিমোচন কার্যক্রম দ্রুততর করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের পুনর্গঠন কার্যক্রমকে সাহায্য করতে এই সহায়তা ঋণ দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "পুর্নগঠন কার্যক্রমের সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক সুবিধার বিষয়টি যুক্ত এবং এই কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে উন্নয়ন সহায়তা ঋণ। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দ্রারিদ্র কমেছে ৯ শতাংশ, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেক বেশি এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জন কার্যক্রম ঠিক পথেই এগুচ্ছে।"
রাষ্টায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও প্রতিযোগীতা মূলকভাবে পুনর্গঠনের জন্য এই ঋণের মাধ্যমে সরকারকে সাহায্য করা হচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণ এবং কার্যক্রম আরও সুগঠিত করা হচ্ছে।
বিশ্ব ব্যাংক জানায়, "পুনর্গঠনের কারণে ব্যাংকগুলোর অনাদায়ী ঋণ ২০০২ সালের ২৫ শতাংশ থেকে কমে ২০০৭ সালে ১৩ শতাংশে দাড়িয়েছে। রূপালী ব্যাংককে বেসরকারি খাতে দেওয়া হয়েছে এবং বাকি রাষ্টায়ত্ব ব্যাংকগুলোকে করপোরেশনে রূপান্তর করা হয়েছে।"
মুক্ত বাণিজ্যের বিষয়েও এই ঋণ সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশ আদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধাগুলো তুলে নিয়েছে এবং অভ্যন্তরীণ শিল্প রক্ষায় আমাদনি শুল্ক হার ২০০২ সালের ২৯ শতাংশ থেকে কমিয়ে ২০০৭ সালে সর্বোচ্চ ২৪ শতাংশ করা হয়েছে।
উন্নয়ন সহায়তার চতুর্থ কিস্তি অনুমোদনের মাধ্যমে বিশ্ব ব্যাংক ২০০৩ সাল থেকে নীতিমালা বিষয়ক ঋণের ক্ষেত্রে ১১০ কোটি ইউ এস ডলার দিয়েছে। এর মধ্যে শিক্ষা খাতের ২০ কোটি ইউএস ডলার অর্ন্তভুক্ত রয়েছে।
বিশ্ব ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এই ঋণ দেওয়া হচ্ছে।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জিএনএ/২২৩৭ ঘ.
bdnews24