২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর আধিপত্যে পুঁজি বাজার চাঙ্গা

্যাংকগুলোর শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত ঢাকা পুঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত ছিল। আর এর প্রভাবে সাধারণ ও সার্বিক সূচক দুটোরই ছিল ঊর্ধ্বগতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 08:21 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- ব্যাংকগুলোর শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত ঢাকা পুঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত ছিল। আর এর প্রভাবে সাধারণ ও সার্বিক সূচক দুটোরই ছিল ঊর্ধ্বগতি। সাধারণ সূচক বা ডিজিইএন ২৩ দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭২ দশমিক ০৪। অন্যদিকে সার্বিক সূচক বা ডিএসআই ১৪ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৭। বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। মঙ্গলবার দিনশেষে যা ছিল ১৭২ কোটি টাকা। যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। বেলা ১১টা ২১ মিনিটে সাউথইস্ট কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। প্রাইম ব্যাংক ছাড়া আর সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে চাহিদা বেশি থাকায়। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাউথইস্ট ব্যাংকের শেয়ার। মঙ্গলবার এর শেয়ারের দাম ৪১৮.৭৫ টাকা থাকলেও বুধবার তা বেড়ে ৪৪৪.৫০ টাকা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানান,"বাজারের কারণেই শেয়ারের দাম বেড়েছে।" পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫৯৫.৫০ টাকা থেকে বেড়ে ৬০৪ টাকা, স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ হাজার ৪৪০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৫১১ টাকা এবং ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭৭১.৭৫ টাকা থেকে বেড়ে ৭৯০ টাকা হয়েছে। শুধু প্রাইম ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ৮৬৫ টাকা থেকে কমে হয়েছে ৮৩৮ টাকা। ডিএসই এর এক জরিপে জানা গেছে, সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে ব্যাংকটির সমঝোতা স্মারক স্বার হওয়ার পর আর কোনো অগ্রগতি না হওয়ায় এর শেয়ারের দাম পড়ে গেছে। প্রাইম ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৩১ তারিখে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্ধারিত বৈঠকেও এর মূলধন বাড়ানো বা বিনিয়োগ সংক্রান্ত কোন বিষয় নিয়ে আলোচনার এজেন্ডা রাখা হয়নি। আরও যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে তার মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, সামিট পাওয়ার এবং এক্সিম ব্যাংক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এসপি/এফএফ/এসডি/১৩১১ ঘ.