ঢাকা শেয়ার বাজারে দরপতন
টানা পাঁচ সপ্তাহ চাঙ্গা থাকার পর সোমবার ঢাকা শেয়ার বাজারে দরপতন ঘটেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় লেনদেনও কমেছে। রোববারই ঢাকা স্টক এক্সচেঞ্জে রেকর্ড লেনদেন হয়েছিল।
এআইএমএস এর প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বাড়ায় শেয়ারের দাম কমতে শুরু করেছে।”
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫৪ কোটি টাকা। রোববার ডিএসইতে রেকর্ড ১৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অবশ্য চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন বেড়েছে। এদিন সিএসইতে ৩৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৩২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১১ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে ১৯৩৭ দশমিক ৪৭ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৩ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ১৬১৭ দশমিক ৩৩ পয়েন্ট হয়।
আকর্ষণীয় ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ১৬৯৯ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
সিএসইতে সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল।
সোমবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির মোট ২১ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাদের শেয়ারের দাম দশমিক ৭৮ শতাংশ কমে ৫৯৮ টাকা ২৫ পয়সা হয়েছে।
বিক্রির চাপ থাকায় প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ২২ শতাংশ কমে ৩২৭ টাকা ২৭ পয়সা হয়। সোমবার প্রতিষ্ঠানটির ২১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৭৯১ টাকা ৫০ পয়সা হয়েছে।
এছাড়া স্কয়ার ফার্মার শেয়ারের দাম ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৩৬০ টাকা ৫০ পয়সা হয় এবং সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ০৯ শতাংশ কমে ৪০৮ টাকা ৭৫ পয়সা হয়।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, এপেক্স স্পিনিং ও স্কয়ার টেক্সটাইল। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিমিয়ার ব্যাংক, এক্সেলসিওর সুজ ও এনটিসি।
দিনশেষে ডিএসইতে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। সিএসইতে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৯টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
