২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানাগুলোতে বিকেএমইএ-র নজরদারি শুরু ১৫ জুন

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আগামী ১৫ জুন থেকে ন্যূনতম মজুরি কাঠামোসহ শ্রম আইন ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সমিতির সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমরা আগামী মাসের মাঝামাঝি সময়ে নিটওয়্যার কারখানাগুলোতে আনুষ্ঠানিকভাবে তদারকি ও নজরদারি শুরু করতে যাচ্ছি।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘স্যোশাল কমপ্লায়েন্স মনিটরিং প্রোগ্রাম’ এর আওতায় একটি ‘কমপ্লায়েন্স মনিটরিং সেল’ গঠন করে বিকেএমইএ। জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিটিজেড এই নজরদারি প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। এই সেল পোশাক ও বস্ত্র শিল্প কারখানাগুলোতে আগামী তিন বছর নজরদারির করবে।

ফজলুল হক বলেন, “এই নজরদারির আওতায় নিটওয়্যার কারখানাগুলোতে ন্যূনতম মজুরিসহ শ্রম আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক ক্রেতাদের বিধিমালা বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে এবং প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে।”

তৈরি পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ আগে থেকেই এ ধরনের কার্যক্রম চালালেও বিকেএমইএ প্রথমবারে মতো নজরদারি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বিকেএমইএ সূত্র জানায়, এই প্রকল্পে এ পর্যন্ত ১৮ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ মাসেই তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

এই প্রকল্পের আওতায় দেশের সব নিট কারখানাগুলোকে চারটি স্তরে ভাগ করা হবে। নজরদারির পাশাপাশি কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নয়নের জন্য সহায়তাও দেওয়া হবে।

বিকেএমইএ মনিটরিং সেলের কর্মকতা কাজী আকলিমা জানান, আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর আগে একশটি নিট কারখানা থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আরো শতাধিক কারখানার তথ্য সংগ্রহ করা হবে।

বর্তমানে বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১২০০। এসব প্রতিষ্ঠান ২০০৫-০৬ অর্থবছরে প্রায় ৩৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

বাংলাদেশের পোশাক কারাখানাগুলোতে শ্রমিকদের নূন্যতম মজুরিকাঠামোসহ শ্রম আইন বাস্তবায়ন হচ্ছে না- এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার জুন মাসের মধ্যে সব কারখানায় মজুরিকাঠামো ও শ্রম আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।