২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডের পরদিনই পুঁজি বাজারে দরপতন

আগের দিনের ১৭৮ কোটি টাকা লেনদেনের রেকর্ড এবং টানা পাঁচ সপ্তাহ ধরে চলমান চাঙ্গা অবস্থার পর সোমবার সকালে ঢাকা শেয়ার বাজারে দরপতন ঘটেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 01:28 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

তবে দিনের শুরুতেও কিছুটা চাঙ্গা ছিল পুঁজি বাজার। কিন্তু এক ঘন্টা পরই দরপতন শুরু হলে দিনের মধ্যভাগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

বেলা ১১ টা ৪০ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪৭ শতাংশ কমে ১ হাজার ৯৪৮ দশমিক ৫৩ হয়েছে। অন্যদিকে সার্বিক সূচক বা ডিএসআই চার দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ১ হাজার ৬২৬ দশমিক ২৪ হয়েছে।

সকাল থেকে যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৩৯টির, দাম কমেছে ৮২টির আর অপরিবর্তিত আছে নয়টি কোম্পানির শেয়ারের দাম।

দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। রোববার যা ছিল ১৭৮ কোটি টাকার রেকর্ড।

বেলা ১১ টা ২৯ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা এবং সাউথইস্ট ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম রোববারের ৬০৩ টাকা থেকে বেড়ে ৬০৬ টাকা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম হয়েছে ৩৪১.২৫ টাকা। রোববার এর দাম ছিল ৩৬০.৫০ টাকা। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭৮৮.৭০ টাকা থেকে কমে ৭৮০ টাকা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ হাজার ৩১০ টাকা থেকে বেড়ে ৩৪০৫ টাকা হয়েছে।

সাউথউস্ট ব্যাংকের শেয়ারের দাম ৪১৭.৭৫ টাকা থেকে কমে ৪১০ টাকা হয়েছে।

এ ছাড়া আরও যেসব কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, স্কয়ার টেক্সটাইল, ইউসিবিএল এবং এবি ব্যাংক।