২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চহারে শুল্ক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চতুর্থ

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারক দেশগুলোর মধ্যে উচ্চহারে শুল্ক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ১৬ দশমিক ৫ শতাংশ এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে ১৪ দশমিক ৯ শতাংশ হারে শুল্ক দিতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:49 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদকারী ও রপ্তানিকারক সংস্থা-বিজেএমইএ এর সম্মেলন কক্ষে রোববার যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংস্থার সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এ তথ্য দেন।

বিজেএমইএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বংলাদেশে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত এবং আমেরিকা-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য উইলিয়াম বি. মাইলাম এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিজেএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ হয়েও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে উচ্চ হারে শুল্ক দিতে হচ্ছে। তৈরি পোশাক বাংলাদেশের মূল রপ্তানি পণ্য হলেও এখনও এটি জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না।

তিনি আরও জানান, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৩০৩ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ওই দেশ থেকে ৩৭৫ কোটি ১৯ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশর ব্যাংক, হোটেল, ইনস্যুরেন্স ও আইটি খাতে বিনিয়োগ করতে পারে।

বিজিএসইএ’র সভাপতি ‘ট্রেড অ্যাক্ট বিল ২০০৭’ যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উইলিয়াম বি মাইলামকে অনুরোধ জানান।

উইলিয়াম বি. মাইলাম বলেন, আমি রাষ্ট্রদূত থাকার সময় বাংলাদেশের যে অবস্থা দেখেছি তার যথেষ্ট পরিবর্তন হয়েছে। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতির অনেক উন্নতি হয়েছে।

ট্রেড অ্যাক্ট বিল ২০০৭ সিনেটে পাস করানোর ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন তিনি।

বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি আবদুছ ছালাম, দ্বিতীয় সহ-সভাপতি ফয়সাল সামাদ, সংস্থার পরিচালকরা, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমসের মুবিন চৌধুরী এবং আমেরিকা-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিল এর চেয়ারম্যান শাব্বির আহমেদ চৌধুরী এ সভায় উপস্থিত ছিলেন।