তথ্যপ্রযুক্তি খাতকে আরও ১০ বছর করমুক্ত রাখার দাবি
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে ২০০৮ সালের পর আরও ১০ বছর করমুক্ত রাখার দাবি জানিয়েছেন সফটওয়্যার প্রস্তুতকারী ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তরা।
২০০৭--০৮ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস’ (বেসিস) এর এক প্রস্তাবে এ দাবির উল্লেখ করা হয়েছে।
উদ্যোক্তারা বলেছেন, “বাংলাদেশে সফটওয়্যার ও আইটিইএস খাত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই খাতের বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, বিশেষ করে সাবমেরিন কেবল, আইটি পার্ক ও মানবসম্পদ এখনও গড়ে তোলা যায়নি। এ অবস্থায় ২০০৮ সালের পরও কমপক্ষে আরও ১০ বছর সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে কর ও শুল্কমুক্ত রাখা প্রয়োজন।”
এর আগে ১৯৯৫ সালে সরকার ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত সফটওয়্যার শিল্পকে করের আওতামুক্ত রাখার ঘোষণা দেয়।
তথ্য ও প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বেসিস জানায়, প্রবৃদ্ধি ধরে রাখতে হলে এই খাতে অব্যাহত বিনিয়োগ প্রয়োজন। প্রয়োজনীয় আইনি কাঠামো না থাকায় এই খাতের বিনিয়োগের সিংহভাগই আসে উদ্যোক্তাদের নিজেদের পুঁজি থেকে। এই খাতকে করমুক্ত রাখা হলে বিনিয়োগকারীরা আরও বেশি বিনিয়োগে উৎসাহিত হবে।
সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক তাদের এক প্রতিবেদনে বিশ্ব বাজারে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এই সম্ভাবনার সফল বাস্তবায়ন ঘটাতে হলে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সফটওয়্যার ও আইটিইএস খাতের সবগুলো পর্যায়কে করমুক্ত রাখার কথাও বলেছে এডিবি।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ প্রায় ২৫ হাজার প্রযুক্তি কর্মী ৪০০টি প্রতিষ্ঠানে কাজ করছেন। ২০০৬--০৭ অর্থ বছরের জুলাই থেকে ফেব্র“য়ারি পর্যন্ত এই খাত থেকে আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ডলার। এই সময়ের মধ্যে প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ২৩ শতাংশ হয়েছে।
