প্রিমিয়ার ব্যাংকের কল্যাণে শেয়ার বাজার চাঙ্গা
প্রিমিয়ার ব্যাংকের শেয়ার বেচাকেনা শুরু হওয়ায় রোববার দিনের মধ্যভাগ পর্যন্ত ঢাকার পুঁজি বাজার ছিল চাঙ্গা। অন্যান্য দিনের মতো রোববারও ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী।
বেলা ১১টা ৪০ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ৪২ দশমিক ৯১ পয়েন্ট বা শতকরা ২ দশমিক ২৩ ভাগ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৫৯ দশমিক ৭৬ এ। অন্যদিকে সার্বিক সূচক বা ডিএসআই ২৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৯ দশমিক ৭২ হয়েছে।
সকাল থেকে যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত আছে নয়টির শেয়ারের দাম।
বেলা ১১ টা ৪০ মিনিটে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছিল ১৫৮ কোটি টাকার শেয়ার।
বেলা ১১টা ৩২ মিনিটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার।
প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম ১০০ টাকা থেকে বেড়ে ৩৫৮.২৫ টাকা দাঁড়িয়েছে। এসময় পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে ৫৯৭.৭৫ টাকায়। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৭০.৫০ টাকা। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭৪২ টাকা থেকে বেড়ে ৭৯০ টাকা হয়েছে।
সাউথউস্ট ব্যাংকের শেয়ারের দাম বৃহস্পতিবার ছিল ৪০৮.৫০ টাকা। রোববার দাম বেড়ে তা ৪১৪ টাকায় বিক্রি হয়েছে। ব্র্যাক ব্রাংকের শেয়ারের দাম ৭৪৫.৫০ টাকা থেকে বেড়ে ৭৫০.৫০ টাকা হয়েছে।
শেয়ার বেচাকেনায় আরও যেসব কোম্পানি এগিয়ে ছিল সেগুলো হলো স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউসিবিএল, ডেসকো এবং এক্সিম ব্যাংক।
