নীলফামারী থেকে পোল্ট্রি পণ্য বাইরে পরিবহনে নিষেধাজ্ঞা
হাঁস-মুরগী-কবুতরসহ সব ধরনের পোল্ট্রি পণ্য নীলফামারী জেলার বাইরে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি জেলার বিভিন্ন খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বেশ কয়েক হাজার হাঁস-মুরগির মৃত্যুর কারণে জেলা প্রশাসক গত ১৭ মে থেকে এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানা গেছে।
জেলা প্রশাসক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মৎস্য ও পশুসম্পদ সচিবের নির্দেশে গত ১৭ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সেদিনই উপজেলা নির্বাহি কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে এই নিষেধাজ্ঞা পৌঁছে দেওয়া হয়। তবে অন্যদের কাছে বিষয়টি গোপন রাখা হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী বলেন, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেটগামী যাত্রীবাহী বাস ও ট্রাকে করে এই জেলা থেকে প্রতিদিন গড়ে ৫০/৬০ খাঁচা পোল্ট্রি পণ্য ব্যবসায়ীরা নিয়ে যায়।
কিন্তু সাম্প্রতিক সময়ে জলঢাকা এবং ডোমার উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন পোল্ট্রি খামার ও গৃহস্থ বাড়িতে পালিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত প্রায় ১৫ হাজার হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়।
এর প্রেক্ষিতে এখানকার এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত পোল্ট্রি পণ্য অন্যান্য জেলায় সংক্রমিত না হয় সেজন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান বলেন, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। এতে করে নীলফামারীর হাঁস-মুরগি-কবুতরের মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও গোটা দেশকে এই সংক্রমের হাত থেকে বাাঁচানো যাবে।
