শেয়ার বাজারে মিশ্রভাব
মূলধন তুলে নেওয়ার প্রবণতায় সাধারণ মূল্য সূচকের পতন আর ক্রেতার চাপে সার্বিক সূচকের উন্নতি মঙ্গলবার দিনের মধ্যভাগে এসে এমনই মিশ্র ছিল ঢাকা শেয়ার বাজার।
টানা আটদিনের উর্ধ্বগতির পর সোমবারই কিছুটা পড়ে এসেছিল শেয়ার বাজার।
দিনের মধ্যভাগে এসে ডিজিইএন বা সাধারণ সূচক ৪ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক ৩৯ এ। আর ডিএসআই বা সার্বিক সূচক সোমবারের চেয়ে বেড়েছে দশমিক ১৬ পয়েন্ট।
বেলা পৌনে ১২টার দিকে সার্বিক সূচক দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক শূন্য এক শতাংশ বেড়ে এক হাজার ৫৯১ দশমিক ১৯ পয়েন্ট এর ঘরে অবস্থান করছে।
এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। এর আগে সোমবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১৫৬ কোটি টাকা।
মোট লেনদেন হয়েছে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে বেড়েছে ৬২টির, কমেছে ৭৭টির এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি, সাউথইস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের চাহিদার কারণে ব্যাংকটির শেয়ার সোমবারের ৭০০ টাকা থেকে বেড়ে ৭১৩ টাকা হয়েছে।
পাওয়ার গ্রিডের শেয়ার ৫৬৪টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৫৭০টাকা ৫০ পয়সা হয়েছে। তবে কিছুটা দাম কমেছে সাউথইস্ট কোম্পানীর শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩৭২টাকা ২৫ পয়সা থেকে কমে ৩৭২ টাকা হয়েছে।
চাহিদার দিক থেকে শেয়ার বাজারে চতুর্থ অবস্থানে রয়েছে গোল্ডেন সান। এর শেয়ারের দাম ১০ টাকা থেকে বেড়ে ১৬.৮ টাকা হয়েছে। হেইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম ৮৬৪.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৭৫ টাকা।
আরও যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক ও ডেসকোই উল্লেখযোগ্য।
তবে কমে গেছে শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ারের দাম।
