২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ রেকর্ডের পরদিন শেয়ার বাজারে লেনদেন কমেছে

রেকর্ড লেনদেনের পরদিনই সোমবার জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও তথ্য প্রযুক্তি খাতের দর পতনের কারণে শেয়ার বাজারে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 10:36 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি) প্রধান জিয়াউল হক খন্দকার বলেন, “লভ্যাংশ তুলে নেওয়ার কারণে পুঁজি বাজারে এই মন্দা ছিল।”

দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫৬ কোটি।  রোববার ডিএসইতে রেকর্ড ১৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সোমবার ২৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। রোববার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা ।

জিয়াউল হক খন্দকার বাজরের বর্তমান গতিশীলতার জন্য নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “আশাকরা হচ্ছে বাজেটের পরপরই সরকার কিছু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়বে।”

পুঁিজ বাজার বিশেষজ্ঞ মইন আল কাসেম জানান, প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে খুচরা বিনিয়োগকারীরা উৎসাহী হয়েছেন।

দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩২ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ কমে ১৮৯৪ দশমিক ১৩ পয়েন্ট হয়।

এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৫ দশমিক ০৫ পয়েন্ট বা এক দশমিক ৫৫ শতাংশ কমে ১৫৯১ দশমিক ০৩ পয়েন্ট হয়।

আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ২১ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ৩২ শতাংশ কমে ১৫৭৭ দশমিক ৪৭ পয়েন্ট হয়।

সোমবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির মোট লেনদেনের পরিমান ছিল ১৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৪ দশমিক ৫২ শতাংশ কমে ৫৬৪ টাকা ২৫ পয়সা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১০ শতাংশ বেড়ে ৭০০ টাকা ২৫ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টেরে শেয়ারের দাম ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৮৬৪ টাকা ২৫ পয়সা হয়।

সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৬৮ শতাংশ কমে ৩৭২ টাকা ২৫ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ার ৪ দশমিক ১১ শতাংশ কমে ৬১১ টাকা ২৫ পয়সা হয়েছে।

ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সালেহ্ কার্পেট, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং হাইডেলবার্গ সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল সিঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ল্যাম্পস এবং আজীজ পাইপ।

দিনশেষে ডিএসইতে ৬৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৬ টির দাম। সিএসইতে ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৭ টির দাম কমেছে এবং ৯ টির দাম অপরিবর্তিত রয়েছে।