আরও পাঁচ বছর কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে এফবিসিসিআই
বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশি শিল্পকে বহুমুখী করা এবং রপ্তানি সম্প্রসারণের জন্য কর অবকাশ সুবিধা আরো পাঁচ বছর বহাল রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো ২০০৭--০৮ অর্থবছরের বাজেট সুপারিশে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) বলেছে, “স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য বাড়াতে এবং বিনিয়োগ আকৃষ্ট করাতে আরও পাঁচ বছর কর অবকাশ সুবিধা বহাল রাখা উচিত।”
ওই সুপারিশে আরো বলা হয়, “প্রতিবেশী দেশগুলোতে কর অবকাশ সুবিধা অব্যহত রয়েছে। বাংলাদেশ এই সুবিধা তুলে নিলে দেশি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।”
কর অবকাশে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ পাঁচ বছর এ সুবিধা পাবে। অন্যান্য এলাকার ক্ষেত্রে এই সুবিধা সর্বোচ্চ সাত বছর এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বোচ্চ ১০ বছর।
সরকার ২০০৬--০৭ অর্থবছরে ২০ ধরনের শিল্প প্রতিষ্ঠানকে কর অবকাশ সুবিধা দিয়েছে। এর অধিকাংশই বস্ত্র ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০০৫--০৬ অর্থবছরে প্রায় ৪০ ধরনের শিল্প প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হয়েছিল। ২০০৮ সালের ৩০ জুন চলতি কর অবকাশ সুবিধার সময়সীমা শেষ হবে।
২০০৬--০৭ অর্থবছরে তৈরি পোশাক খাতে কেবল ওভারকোট, জ্যাকেট ও স্যুটের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা দেওয়া হয়। এফবিসিসিআই এই সুবিধার আওতায় পণ্যের সংখ্যা আরও বাড়ানোর সুপারিশ করেছে।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেইন খালেদ সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “শিল্প কারখানাগুলোকে কর অবকাশ সুবিধা দেওয়া উচিত কারণ দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে এবং অবকাঠামোগত সুবিধাও যথেষ্ট নয়।”
ব্যবসায়ীরা কর অবকাশ বহাল রাখার দাবি জানালেও বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থাগুলো আগামী বাজেটে কর অবকাশ সুবিধা বন্ধের জন্য বিভিন্ন ফোরামের মাধ্যমে সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে।
অসৎ ব্যবসায়ীরা এই সুবিধার অপব্যবহার করছেন এমন অভিযোগ থাকায় এনবিআরও কর অবকাশ সুবিধা বহাল রাখার পক্ষপাতি নয়। এনবিআরের হিসেবে এই সুবিধা দেওয়ার কারণে সরকার গত ৩০ বছরে ১৪ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
