২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের সঙ্গে দুই উপদেষ্টার ধারাবাহিক বৈঠক শুরু

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তবে বৈঠক সম্পর্কে কোনো পক্ষই সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সোমবার সকাল সাড়ে ১১টায় জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। কারওয়ান বাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মিরপুর শাহ আলী মার্কেট চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া এবং রামপুরা বাজার খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম দিনের বৈঠকে যোগ দেন।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে উপদেষ্টা বা ব্যবসায়ীদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে কিংবা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তাও জানাননি তারা।

এদিকে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বাদামতলী--বাবুবাজার চালবিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন, মোহাম্মদপুর কৃষি বাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এবং যাত্রাবাড়ী বাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক দুই উপদেষ্টার সঙ্গে বসবেন।