ওরিয়েন্টাল ব্যাংক কিনতে চায় প্রবাসী কল্যাণ সোসাইটি
ওরিয়েন্টাল ব্যাংক কেনার আগ্রহ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ সোসাইটি। তবে এ জন্য কোনরকম দরপত্রে যেতে রাজি নয় তারা। একইসঙ্গে তারা ব্যাংকটির দেনা পরিশোধেরও দায় নিতে চায় না। রোববার রাজধানীর পূর্বাণী হোটেলে সংবাদ সম্মেলনে ব্যাংকটি কেনার আগ্রহের কথা জানানো হয়। প্রবাসী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামসহ সোসাইটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
নওয়াব আলী ভূঁইয়া জানান, ওরিয়েন্টাল ব্যাংক কিনতে দুই হাজার কোটি টাকা সংগ্রহ করতে পারবে প্রবাসী কল্যাণ সোসাইটি।
তিনি বলেন, “বিদেশে এখন ৮০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছে। তারা বছরে প্রায় চার হাজার কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। একটি ব্যাংকিং সিস্টেম দাঁড় করাতে পারলে এ অর্থ দ্বিগুণ হয়ে যাবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যাংকটি কেনার পর কোনও আমানত না রেখেই এখান থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়া যাবে। পরে চাকরির টাকা দিয়ে ঋণ শোধের সুযোগ থাকবে।
ওরিয়েন্টাল ব্যাংক কেনার জন্য ইতিমধ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করা হয়েছে বলে সোসাইটি জানায়।
তবে ব্যাংকের দেনা সরকারকে শোধ করার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিক্রির ক্ষেত্রে কোনও ধরনের দরপত্র আহ্বান না করার অনুরোধ জানিয়ে প্রবাসী কল্যাণ সোসাইটি বলেছে, দরপত্র ডাকা হলে বেশি দাম দিয়ে অন্য কেউ ব্যাংকটি কিনে নিতে পারে।
