২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কয়েকটি প্রদেশে সিমেন্ট রপ্তানি করবে বাংলাদেশের হোলসিম

আসাম, মেঘালয়সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সিমেন্ট রপ্তানির অনুমতি পেয়েছে হোলসিম বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রতিষ্ঠানটি জুনের প্রথম সপ্তাহের মধ্যেই সিমেন্টের প্রথম চালানটি ভারতে পাঠাবে।

বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হোলসিমের বাংলাদেশ কারখানা থেকে বর্তমানে ভারতের ত্রিপুরায় সিমেন্ট রপ্তানি করা হচ্ছ। গত এপ্রিলে আসামে সড়ক নির্মাণ প্রকল্পে সিমেন্ট সরবরাহের ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একটি চুক্তিও করেছে তারা। এর ফলে ভারতে আরো বেশি পরিমানে সিমেন্ট রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ।

হোলসিমের মহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন মাহমুদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “জুনের প্রথম সপ্তাহের মধ্যেই সিমেন্টের প্রথম চালানটি ভারতে পাঠাবো আমরা। আসাম ও মেঘালয়ে মাসে ১০ হাজার টন সিমেন্টের চাহিদা থাকলেও প্রথমদিকে আমরা মাসে পাঁচ হাজার টন রপ্তানি করতে পারব।”

তিনি জানান, বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানির ক্ষেত্রে ভারত এতোদিন বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থার (বিএসটিআই) ছাড়পত্র আমলে নিতো না। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিএসআই) এর ছাড়পত্র নিতে হতো।

এই প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ হওয়ায় ভারতে সিমেন্ট রপ্তানির ক্ষেত্রে ছাড়পত্র সংক্রান্ত বাধা দূর করার দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশের উৎপাদনকারীরা। শেষ পর্যন্ত হোলসিমের সিমেন্ট আমদানির ক্ষেত্রে বিএসটিআই এর ছাড়পত্রই গ্রহণ করেছে বিএসআই।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সিমেন্টের মান পরীক্ষার ব্যাপারে বিএসটিআই এর সামর্থ্য সম্পর্কে জানতে একদল ভারতীয় বিশেষজ্ঞ কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তাদের মতামতের ভিত্তিতে বিএসটিআই এর সামর্থ্য বাড়ানোর পদক্ষেপ নেবে সরকার।

২০০০ সালের সেপ্টেম্বরে হুন্দাই সিমেন্ট এর দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হোলসিম। এরপর মেঘনা ঘাটে ইউনাইটেড সিমেন্ট এবং মংলায় সায়হাম সিমেন্ট কারখানা কিনে নিয়ে কার্যক্রম আরো সম্প্রসারিত করে প্রতিষ্ঠানটি। হোলসিমের উৎপাদন ক্ষমতা এখন বছরে ১৩ লাখ টন।

দেশে ২১ টি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে মোট ৮০ লাখ টন সিমেন্ট উৎপাদন করে। স্থানীয় বাজরের সিমেন্টের বার্ষিক চাহিদা ৬০ লাখ টন।