জনগণের স্বার্থেই ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানো প্রয়োজন: ওয়াই ভি রেড্ডি
জনগণ ও অর্থনীতির স্বার্থেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়ানো প্রয়োজন। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে বাংলাদেশি ব্যবসায়ীদের নীতিগত সমর্থন দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়াই ভি রেড্ডি একথা বলেন।
ওয়াই ভি রেড্ডি তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য অভ্যন্তরীণ বিনিয়োগ ও ভোগ্য--পণ্যের চাহিদা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “ব্যাংকিং ব্যবস্থা, পুঁজি বাজার ও সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে একটি দেশ প্রবৃদ্ধির হার বাড়াতে পারে। কিন্তু আমাদের এ অঞ্চলের দেশগুলোতে প্রবৃদ্ধির হার বাড়াতে হলে নিজস্ব উদ্যোগ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও ভোগ্যপণ্যের চাহিদা বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ”
তিনি জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পুঁজিবাজার, এফডিআই ও ব্যাংকিং ব্যবস্থা এবং জাপানের ক্ষেত্রে সরকারি নীতিই মূল ভূমিকা রেখেছে। অন্যদিকে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে অভ্যন্তরীণ উদ্যোগ ও বিনিয়োগ। ভারতের মোট বিনিয়োগের ৯৫ ভাগই করেছেন অভ্যন্তরীণ উদ্যাক্তারা।
বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে লেনদেন ও সম্পৃক্ততা বাড়ানোর আহবান জানিয়ে ওয়াই ভি রেড্ডি বলেন, উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশি ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখলে দুপক্ষই লাভবান হবে।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের বক্তব্যে আঞ্চলিক আর্থিক খাতগুলোর সমন্বয় এবং সার্ক অঞ্চলের গর্ভনরদের সংগঠন ‘সার্ক ফাইন্যান্স’--কে কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
এমসিসিআই কার্যালয়ে সংঠনের সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রুমী আলী।
