২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম দিনের মতো চাঙা শেয়ার বাজার

বিদ্যুৎ ও ব্যাংকের শেয়ার বেশি লেনদেন হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তম দিনের মতো বৃহস্পতিবার চাঙাভাব বজায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 12:58 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বেলা ১১টা ৪৮ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ২০ দশমিক ০২ পয়েন্ট বা এক দশমিক ০৭ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বা ডিএসআই ১৫ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য্য ৯৬ শতাংশ বেড়ে হয়েছে ১৫৮৪ দশমিক ৫৬ পয়েন্ট।

ওই সময় পর্যন্ত মোট লেনদেন হয় ৫০ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১২৪ কোটি টাকা।

বৃহস্পতিবার যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত আছে ১১টি কোম্পানির শেয়ারের।

বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক এবং অ্যাটলাস বাংলাদেশের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

বুধবার পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৫৫৭ টাকা ২৫ পয়সা থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে ৫৭০ টাকা ৫০ টাকা হয়। সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৭২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৩৭৫ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যদিকে সামিট পাওয়ারের শেয়ারের দাম ৬০১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬২২ টাকা।

ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬৫৫ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৬৬২ টাকা হয়েছে। অন্যদিকে থ্রি হুইলার  সিএনজি প্রস্তুত করা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবার পর অ্যাটলাসের শেয়ারের দাম ৩০৬ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৩২৪ টাকা ১০ পয়সায় পৌঁছায়।