খারাপ আবহাওয়ায়ও চাঙ্গা পুঁজিবাজার
ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় মঙ্গলবার দিনের মধ্যভাগে চাঙ্গা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার।
বিদেশি বিনিয়োগের পরিমাণ ভবিষ্যতে বাড়বেÑএমন ধারণার কারণে খারাপ আবহাওয়া সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ লেনদেন হয়। দিনের প্রথমভাগে লেনদেনের পরিমাণ বেশি হলেও বিনিয়োগকারীরা কিছু শেয়ার উঠিয়ে নিলে লেনদেনের পরিমাণ কিছুটা কমে যায়। তবে মধ্যভাগে বাজার আবার চাঙ্গা হয়ে ওঠে। ৮ মে বাজারে দরপতনের পর মঙ্গলবার পঞ্চম দিনের মতো পুঁজিবাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে।
বেলা সাড়ে বারোটা পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ১২৮ টির, দাম কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
এ সময়ে ডিজিইএন বা সাধারণ সূচক ২৫ দশমিক ৫০ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে ১৮৫৪.৪৬ টাকা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসআই বা সার্বিক সূচক ১৯ দশমিক ৩৪ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে ১৫৬০.৯৩ টাকা হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। সোমবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১১৭ কোটি টাকা, যা ফেব্র“য়ারি মাসের পর সর্বোচ্চ।
বেলা ১২টা ১৮ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা এবং সাউথ ইস্ট ব্যাংকের পর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে প্রাইম ব্যাংকের শেয়ার। সোমবার প্রাইম ব্যাংকের শেয়ার ৭৯৯ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার দাম বেড়ে তা ৮০৬ টাকা হয়েছে, এতে করে মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে নয় কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫৫৫.২৫ টাকা থেকে বেড়ে ৫৬৪ টাকা হয়েছে। তবে ব্র্যাক ব্যংকের শেয়ারের দাম ৬৬৬ টাকা থেকে কমে ৬৬৩ টাকা হয়েছে।
স্কয়ার ফার্মার শেয়ারের চাহিদা বেশি থাকায় এর দাম ২৭৩৫.৫ টাকা থেকে বেড়ে ২৮৩০ টাকা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৫১.২৫ টাকা থেকে বেড়ে ৩৫৯ টাকা হয়েছে।
এছাড়াও আরো যেসব কোম্পানির শেয়ারের চাহিদা বেশি ছিল সেগুলো হল ডেসকো, ইউসিবিএল, সামিট পাওয়ার, শাহজালাল ব্যাংক এবং পূবালী ব্যাংক।
