বিনিয়োগ আকর্ষণ করতে ইউরোপ ও কানাডর তিন শহরে রোড শো হবে
বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে বিনিয়োগ বোর্ড ইউরোপ ও কানাডার তিনটি শহরে ‘রোড শো’ আয়োজন করতে যাচ্ছে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম সোমবার ডাচ-বাংলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বলেন, “বিনিয়োগ আকর্ষণে আমরা টরেন্টো, লন্ডন এবং জার্মানির একটি শহরে ‘রোড শো’ ও সেমিনারে আয়োজনের পরিকল্পনা নিয়েছি।”
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় খাতগুলোর পরিচয় তুলে ধরতে এই রোড শো আয়োজন করা হচ্ছে।
ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ’ শীর্ষক আলোচনায় আরো বক্তব্য রাখেন নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত কিস বিমসটারবোয়ের এবং ডাচ-বাংলা চেম্বার সভাপতি আসিফ এ চৌধুরী।
অনুষ্ঠানে বিমসটারবোয়ের বলেন, বাংলাদেশের দূর্নীতি ও প্রাকৃতিক দুযোগ বহিঃবিশ্বে যে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করেছে তার করা পরিবর্তন জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা এ দেশের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলোর ইতিবাচক ইমেজ সৃষ্টির চেষ্টা করছি।
তিনি বলেন, “আমি মনে করি বর্তমান সরকার এই পরিস্থিতির উন্নয়নে বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নেদারল্যান্ডস রাষ্ট্রদূত বলেন, তার দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের অবস্থা ভাল নয়।
বিদেশী বিনিয়োগ বিশেষ করে টাটার বিনিয়োগ প্রসঙ্গে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, চলতি মাসে সরকার কয়লা নীতি প্রণয়ণ করতে যাচ্ছে। কয়লানীতি সম্পন্ন হলে নতুন করে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে।
বিনিয়োগ বোর্ডের দূনীতি ও অব্যবস্থাপনা নিয়ে চেম্বারের সদস্যদের প্রশ্নে তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে সহজে জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে ”ওয়ান উইনডো সার্ভিস” কার্যকর করার জন্য মন্ত্রণালয়ের বৈঠকে সোমবার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশে ৩৪ প্রকল্পে ডাচ বিনিয়োগের পরিমাণ ১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছর বাংলাদেশ থেকে ৩০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
