পুঁজিবাজারে মূলধন ৪১ হাজার কোটি টাকা ছুঁয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলধন ৪১ হাজার কোটি টাকা ছুঁয়েছে। মে মাসের শুরুতে ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানিগুলো পুঁজিবাজারের আসার পরপরই মূলধন রেকর্ড স্পর্শ করল।
গত ৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সর্বোচ্চ বাজার মূলধন ছিল ৪০ হাজার ৪৫২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, শুধু শেয়ারের দাম বাড়ার কারণেই নয়, শেয়ারের লেনদেন বাড়ার কারণেই মূলধন বেড়েছে।
তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাজার টেকসই হবে, যাতে দেশের অর্থনীতি লাভবান হবে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত লেনদেনে স্থিতাবস্থা থাকলেও দিনের শেষ এক ঘণ্টায় শেয়ার লেনদেনের পরিমাণ বেড়ে যায়। ব্যাংক, ওষুধ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম কমেছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিএন বা সাধারণ সূচক ১২ দশমিক ৩৩ পয়েন্ট অথবা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১৮১০ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়ায়। সার্বিক মূল্য সূচক ৩ দশমিক ৪৭ পয়েন্ট অথবা দশমিক ২২ শতাংশ বেড়ে ১৫২৩ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে।
এ দিন ডিএসইতে মোট ৮২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ১৫ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ডেসকো, এবি ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫৩৫ দশমিক ৫ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৩ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ৬৪০ টাকা। এবি ব্যাংকের শেয়ার ৮ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৯৩৯ টাকা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ার ২ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২৬৪৬ দশমিক ৫ টাকা হয়েছে।
ডিএসইতে দাম বেড়েছে ৯৯টি শেয়ারের, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি শেয়ারের দাম।
চট্গ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৮টির দাম বেড়েছে, কমেছে ৩৫টির এবং ১০ টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
