সপ্তাহের শুরুতে ডিএসইতে লেনদেনে মিশ্রভাব
ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনে মিশ্রভাব লক্ষ করা গেছে। বিদ্যুৎখাতের শেয়ার লেনদেনের বদৌলতে ডিজিইএন বা সাধারণ সূচক বাড়লেও কমেছে সার্বিক সূচক।
মূলধন তুলে নেওয়ার প্রবণতাই সার্বিক সূচক পড়ে যাওয়ার কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ সূচক পাঁচ দশমিক ৯৫ শতাংশ বেড়ে এক হাজার ৮০৪ দশমিক ০৫ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে সাধারণ সূচক কাটা দুই দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ৫১৭ দশমিক ৬১ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৩৯টির আর ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তীত।
এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩৩ কোটি সাত লাখ ৬০ হাজার টাকা। গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার লেনদেনের এ অঙ্ক ছিল ৭৫ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা।
শেয়ারের দাম পড়ে গেলেও লেনদেনের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। বৃহস্পতিবারের ৫৩৪ টাকা থেকে কমে এর শেয়ার ৫৩১ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এর শেয়ারের দাম ৬১৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬২৮ টাকা। ৩৩৫ টাকা থেকে বেড়ে সাউথইস্ট ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৩৩৯ টাকা ৫০ পয়সায়।
শেয়ারের চাহিদার কারণে আরব বাংলাদেশ ব্যাংকের শেয়ারও ৮৬২ টাকা থেকে এক লাফে বেড়ে ৯২৫ টাকায় লেনদেন হচ্ছে।
তবে কমেছে ডেসকোর শেয়ারের দাম। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ার ৭৭০ টাকা ২৫ পয়সায় লেনদেন হলেও রোববার লেনদেন হচ্ছে ৭৬৬ টাকায়।
লেনদেনের দিক দিয়ে শীর্ষস্থানের কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংকও রয়েছে। তবে স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট ও গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ড এর শেয়ারের দাম বাড়লেও অন্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অনেকটাই কমেছে।
