২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের বোঝা নিয়ে মোটা অংকের সুদ গুণছে সরকার

সময় মতো বৈদেশিক সাহায্য না পাওয়ায় চলতি অর্থবছরে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সরকারকে মোটা অংকের সুদ গুণতে হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৈদেশিক এবং অভ্যন্তরীণ কোনও উৎস থেকেই কাক্সিক্ষত আয় না আসায় টানাটানিতে পড়ে সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হয়। এ জন্য সুদের অংকটাও অনেক বড় দাঁড়িয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের বাজেটে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ সাত হাজার ৬৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে এ ব্যয় প্রায় নয় হাজার কোটি টাকায় গিয়ে ঠেকবে। সুদ পরিশোধের জন্য সরকারের ব্যয় প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। ২০০৫-০৬ অর্থ বছরে সুদ বাবদ সরকারের ব্যয় হয় সাত হাজার ৪৭ কোটি টাকা।

ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অভ্যন্তরীণ খাত থেকে সরকার ঋণ নেয় ৬ হাজার কোটি টাকা। অংকটা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ হাজার ৮০৫ কোটি টাকা বেশি বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। বাজেটে পুরো বছরে ধার করার সীমা নির্ধারণ করা ছিল ৫ হাজার ৪৩৪ কোটি টাকা।

অর্থ বছরের শুরুতেই বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা তহবিলের চতুর্থ কিস্তিতে ২০০ মিলিয়ন ডলার বা ১৪০০ কোটি টাকা পাওয়ার কথা। কিন্তু সে অর্থ এখন পর্যন্ত হাতে না পাওয়ায় সরকারকে অভ্যন্তরীণ ব্যাংক থেকে বড় অংকের ঋণ নিতে হয়।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের বাজেট পর্যালোচনায় বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ সময়মত না পাওয়ার বিষয়টিকে ঋণ বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে দেখানো হয়। এছাড়া রাজস্ব আদায়ে দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা ও নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের শুল্ক হ্রাস করার বিষয়টিকে অতিরিক্ত ঋণ নেওয়ার কারণ বলে চিহ্নিত করেছে অর্থ মন্ত্রণালয়।

চলতি ২০০৬-০৭ অর্থ বছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে আয় ধরা হয় ৫৫ হাজার ৫০ কোটি টাকা। ১৪ হাজার ৬৯০ কোটি টাকার ঘাটতি পূরণের জন্য ৫ হাজার ৮৫৬ কোটি টাকার বৈদেশিক সাহায্য এবং অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ এবং সঞ্চয়পত্র বিক্রি করে বাকি অর্থ সংস্থান করার কথা।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ২০ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার বিপরীতে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আয়ের প্রবৃদ্ধি মাত্র ৮ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জায়েদ বখত বলেন, অভ্যন্তরীণ এবং বিদেশি উৎস থেকে অর্থ না পাওয়ায় সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হয়েছে। ঋণের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং মূল্যস্ফীতি বাড়বে।

তবে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় মূল্যস্ফীতি আশঙ্কার চেয়ে কমই রয়েছে বলে তিনি মন্তব্য করেন।