লেনদেনের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা পুঁজিবাজার
বিদ্যুৎ, ব্যাংক এবং ওষুধ কোম্পানিগুলোর বদৌলতে মঙ্গলবার দিনের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত ঢাকা পুঁজি বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। তবে সাধারণ সূচক বাড়লেও সার্বিক সূচক কাঁটা কিছুটা পড়তির দিকে ছিল।
সকালের দিকে শেয়ার বাজারের কম্পিউটার নেটওয়ার্কে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এবং রূপালী ব্যাংকের শেয়ারের দাম পড়ে যাওয়ায় লেনদেনে কিছুটা প্রভাব পড়ে।
ডিএসই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, কম্পিউটারের নেটওয়ার্ক সংযোগে সমস্যা দেখা দেওয়ায় আধ ঘণ্টার জন্য লেনদেন বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে লেনদেন পুনরায় শুরু হয়।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ সূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে এক হাজার ৭৮২ দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে।
রূপালী ব্যাংকের শেয়ারের দাম কিছুটা পড়ে যাওয়ায় ডিএসআই বা সার্বিক সূচক ২ দশমিক ৪৪ পয়েণ্ট বা দশমিক ১৬ শতাংশ কমে গেছে।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেন হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার। সোমবার দিন শেষে লেনদেনের এই অঙ্কটা ছিল ৮৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।
লেনদেনকৃত ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বেলা পৌনে ১২টা পর্যন্ত লেনদেনের দিক দিয়ে পাওয়ার গ্রিড কোম্পানিই ছিল শীর্ষে। এর পরেই ছিল রূপালী ব্যাংক এবং স্কয়ারের অবস্থান। এরপর রয়েছে যথাক্রমে আরব বাংলাদেশ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের অবস্থান।
পাওয়ার গ্রিডের শেয়ারের দাম আগের দিনের ৫১১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫১৮ টাকা ৫০ পয়সা। তবে রূপালী ব্যাংকের শেয়ারের দাম এক লাফে দুই হাজার ১৮৫ টাকা ৭০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫ টাকা।
লভ্যাংশ ঘোষণার তারিখ কাছাকাছি চলে আসায় বেড়েছে স্কয়ার ফার্মার শেয়ারের দামও। এর শেয়ার দুই হাজার ৬১৪ টাকা থেকে বেড়ে হয়েছে দুই হাজার ৬৪৭ টাকা।
এ ছাড়া আরব বাংলাদেশ ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৭৯৪ টাকায়। সোমবার দিন শেষে এর দাম ছিল ৭৮২ টাকা ৭৫ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৫৮৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৫৮৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হতে দেখা গেছে।
