২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের বাকি শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে এসইসি

সরকারি মালিকানায় থাকা রূপালী ব্যাংক লিমিটেডের অবশিষ্ট ২৫.৮৫ শতাংশ শেয়ার সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-সৌদকে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:36 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

২৯ এপ্রিল সৌদি যুবরাজের কাছে পাঠানো বেসরকারিকরণ কমিশনের এক চিঠিতে বলা হয়, “এসইসি বিশেষ ব্যবস্থায় ৩২ লাখ ৩১ হাজার ৫১২টি (২৫.৮৫ শতাংশ) শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে।”

সৌদি যুবরাজ গত বছর প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নিয়ে ৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭.২৬ ভাগ শেয়ার কিনে নেন। পাশাপাশি অবশিষ্ট প্রায় ২৬ শতাংশ শেয়ারও কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। এজন্য তিনি ১২ কোটি ৮০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সরকার সৌদি যুবরাজের দেওয়া এ প্রস্তাবের ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়।

বেসরকারীকরণ কমিশনের ওই চিঠিতে ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার কেনার বিষয়টি নিস্পত্তি করার জন্য সৌদি যুবরাজকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু যুবরাজ নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করেননি।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সৌদি যুবরাজ সরকারি মালিকানায় থাকা প্রায় ৯৩ শতাংশ শেয়ার একসঙ্গে হাতে পেতে আগ্রহী। তাই তিনি সরকারের কাছে শেয়ারের সঙ্গে ব্যাংকের মালিকানা হস্তান্তরেরও প্রস্তাব পাঠান। কিন্তু বেসরকারিকরণ কমিশন ৩০ এপ্রিলের মধ্যে বিশেষ ব্যবস্থায় ২৫ দশমিক ৮৫ ভাগ শেয়ার হস্তান্তর সম্পন্ন জন্য চিঠি দেয়। তবে যুবরাজ ওই সময়সীমার মধ্যে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া শেষ করেননি।’

ওই কর্মকর্তা আরো বলেন, “গত সপ্তাহে আমরা সৌদি যুবরাজকে শেয়ার কেনা-বেচা ও ব্যাংক হস্তান্তরের বিষয়ে চুক্তি করার জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। এখনও তিনি এ বিষয়ে কিছু জানাননি।”