২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের ৬টি বিদ্যুৎ প্রকল্প আবার চালু করার সুপারিশ

জোট সরকারের ১২টি বিদ্যুৎ প্রকল্পের মধ্যে ছয়টি আবার চালুর সুপারিশ করেছে এ সংক্রান্ত সরকারি যাচাই কমিটি। দুর্নীতি-অনিয়মের অভিযোগে এসব প্রকল্প বাস্তবায়নের কাজ তত্ত্বাবধায়ক সরকার এতদিন স্থগিত রেখেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিদ্যুৎ খাত সংস্কার প্রকল্প যাচাই কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল ওয়াদুদ ভূঁইয়া রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরীর কাছে কমিটির ওই সুপারিশ করেন।

ওয়াদুদ ভূঁইয়া এসময় জ্বালানি মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই প্রকল্পগুলোতে আদৌ কোনো দুর্নীতি-অনিয়ম আছে কিনা গত একমাস ধরে তা খতিয়ে দেখা হয়েছে। এর পরই কমিটি সুপারিশ জমা দিয়েছে।

তিনি বলেন, “১২টি প্রকল্পের কয়েকটিতে বেশ কিছু ত্রুটি ছিলো; তবে তা তেমন বড় কিছু নয়। দেশের স্বার্থ বিবেচনা করেই এর মধ্যে ছয়টি প্রকল্পের কাজ আবার আমরা শুরু করার সুপারিশ করেছি।”

ওয়াদুদ ভূঁইয়া জানান, এই ছয়টি প্রকল্প হচ্ছে-ঘোড়াশাল ১ ও ২ নম্বর ইউনিট (প্রতিটি ২৫০ মেগা ওয়াট), মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প (দ্বিতীয় পর্যায়, ৪০০ মেগাওয়াট), কর্ণফুলী বিদ্যুৎ প্রকল্প (তৃতীয় পর্যায়, ৪০ মেগাওয়াট), চাঁদপুর (১৫০ মেগাওয়াট) এবং ভাড়া নেওয়া বগুড়া বিদ্যুৎ প্রকল্প (২০ মেগাওয়াট)। তবে ভাড়া নেওয়া অন্য ছয়টি বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে যাচাই কমিটি কোনো সুপারিশ করেনি।

তপন চৌধুরী সাংবাদিকদের জানান, যাচাই কমিটি আরো কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। এগুলোর মধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি স্বাক্ষর পর্যন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা এবং প্রকল্প খাতে গ্যাস অথবা বিকল্প জ্বালানী প্রাপ্তি নিশ্চিত করা অন্যতম।

তিনি বলেন, “জোট সরকারের প্রকল্পগুলোতে এমন কোনো অনিয়ম ছিল না। কোনো অনিয়মের প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।”

তিনি আরো জানান, যাচাই কমিটির সুপারিশ শিগগিরই একনেকের সভায় উত্থাপন করা হবে।