নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ প্রকল্প নিয়ে এগুবে টাটা
বাংলাদেশে ৩০০ কোটি ডলার বিনিয়োগ প্রকল্প থেকে সরে আসছে না টাটা। নির্বাচনের পর নতুন সরকার এলেই বিষয়টি নিয়ে তারা এগুবে।
টাটা সন্স এর নির্বাহী পরিচালক আর গোপালকৃষ্ণণ এ কথা জানিয়েছেন। শুক্রবার কলকাতার দৈনিক পত্রিকা ‘আজকাল’র ইন্টারনেট সংস্করণে এ খবর প্রকাশিত হয়।
আর গোপালকৃষ্ণণ বলেন, টাটা বাংলাদেশের প্রকল্প বাতিল করেনি। প্রকল্পে টাকা ঢালা হয়েছে, লোকও নিয়োগ দেওয়া হয়েছে। তবে গত এক বছরে সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে প্রকল্পের কাজ ব্যাহত হয়। তার মানে এই নয়, সেখানে প্রকল্প বাতিল করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে টাটা পুরোপুরি প্রস্তুত রয়েছে। কাজে একটু দেরি হলেও সেখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পের পরিকল্পনা রয়েছে টাটার। আর নির্বাচিত সরকার এলেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে।
বাংলাদেশে ইস্পাত প্রকল্প, রাসায়নিক ইউরিয়া প্রকল্প এবং কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে টাটার।
