২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ও ২০ বছর মেয়াদি বন্ড বাজারে আসতে পারে

বাজার থেকে অর্থ সংগ্রহের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার ১৫ এবং ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ছাড়ার চিন্তাভাবনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 03:30 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আগামী অর্থ বছরের বাজেটে (২০০৭-০৮) এই বন্ড ছাড়ার ঘোষণা আসতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে এ তথ্য জানান।

মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বর্তমানে বাজারে থাকা বন্ডগুলোর কার্যকারিতা কম হওয়ায় নতুন বন্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ সংগ্রহের জন্য বর্তমানে পাঁচ এবং দশ বছর মেয়াদি বন্ড এবং স্বল্পমেয়াদি বিভিন্ন ট্রেজারি বিল বাজারে চালু রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “পাঁচ এবং দশ বছরের বন্ডগুলো স্বল্পমেয়াদি কৌশল অর্জনের জন্য। কিন্তু দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য আমাদের আরও দীর্ঘমেয়াদি আর্থিক ব্যবস্থা নেওয়া দরকার।”

আগামী ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে নতুন এই ট্রেজারি বন্ডের ঘোষণা অন্তর্ভূক্ত হবে বলে ওই কর্মকর্তা আশা প্রকাশ করেন।

সরকারের ৩০ বছর মেয়াদি বন্ড চালুরও চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক রেপো ও রিভার্স রেপো ছাড়াও দীর্ঘমেয়াদি বিভিন্নধরনের বন্ড ছাড়ার কথা ভাবছে।