দুইদিন ছুটি শেষে শেয়ার বাজারে চাঙ্গাভাব
দুইদিনের সরকারি ছুটি শেষে বৃহস্পতিবার দিনের প্রথম ভাগেই চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে ঢাকা পূঁজি বাজারে।
লেনদেনের গতি ছিল স্বাভাবিকের চেয়েও অনেক ভালো। মূলত ব্যাংকিং খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের বদৌলতেই শেয়ার বাজারের এই পরিবর্তন। সূচক কাঁটাও ছিল ঊর্ধ্বমুখী।
বেলা ১১টা ৫৭ মিনিটে ডিজিইএন বা সাধারণ সূচক ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫৮ দশমিক ৯৬ এ।
এ ছাড়া ডিএসআই বা সার্বিক সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৪৯৫ দশমিক ৬৮।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৫২টির এবং বাদবাকি ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। সোমবার লেনদেনের এ অঙ্কটা ছিল ৫৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।
বেলা পৌনে ১২টা পর্যন্ত লেনদেনের তালিকায় শীর্ষে ছিল সাউথইস্ট ব্যাংক। এর শেয়ার ৩২২.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২৮.৫০ টাকা। এর পরের অবস্থানগুলো ধরে রেখেছে যথাক্রমে প্রাইম ব্যাংক, সামিট পাওয়ার এবং ব্র্যাক ব্যাংক।
প্রাইম ব্যাংকের শেয়ার ৪৮৩ টাকা থেকে এক লাফে বেড়ে ৫১৫ টাকায় লেনদেন হচ্ছে। সামিট পাওয়ারের বেড়েছে পাঁচ টাকা। এর আগে প্রতিষ্ঠানটির শেয়ার ৫৯১ টাকায় লেনদেন হয়েছিল।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে অনেকটা। আট টাকা বেড়ে ৫৭০.২৫ টাকা থেকে বর্তমানে ৫৭৮ টাকায় লেনদেন হচ্ছে। এ ছাড়া ডেসকোর শেয়ার ৭২৩.৭৫ টাকা থেকে বেড়ে ৭২৫ টাকায় লেনদেন হচ্ছে।
