নিস্ক্রিয় মার্চেন্ট ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল করে নতুনদের সুযোগ দেওয়া হবে
মার্চেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্সের জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আবেদন করেছে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এসইসি বলছে, বর্তমানে দেশে ২৯টি মার্চেন্ট ব্যাংক রয়েছে। বাজারের চাহিদা মেটানোর জন্য এ সংখ্যা যথেষ্ঠ। তবে এর মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া মার্চেন্ট ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল করে নতুনদের সুযোগ দেওয়া হবে।
এসইসি সূত্রে জানা গেছে, আবেদনকারীদের তালিকায় সিটি ব্যাংক এনএ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, দ্য ট্রাস্ট ব্যাংক, মাইডাস ফিনান্সিং এণ্ড পিপলস্ লিভিং এর নাম রয়েছে।
এই ২৯টি মার্চেন্ট ব্যাংকের মধ্যে আটটি বর্তমানে পুঁজিবাজারে সক্রিয় রয়েছে। এসব ব্যাংকের অধিকাংশই ব্যক্তিমালিকানাধীন।
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, ‘‘বর্তমানে যতগুলো মার্চেন্ট ব্যাংক রয়েছে ঠিকমতো কাজ করলে সেগুলোই যথেষ্ঠ।”
নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংকগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বর্তমান আইন সংশোধন করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। নিষ্ক্রিয় ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল করে ওই জায়গায় নতুন কয়েকটি ব্যাংককে অনুমোদন দেওয়া হবে।’’
বর্তমান নিয়ম অনুযায়ী নতুন মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দিতে হলে এসইসিকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
