২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শুরুর মন্দাভাব কাটিয়ে পুঁজিবাজার এখন অনেকটা চাঙ্গা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বা পুঁজিবাজার সোমবার লেনদেনের শুরুতেই হোঁচট খেলেও কয়েকটি কোম্পানির শেয়ারের লভ্যাংশ ঘোষণার বদৌলতে দিনের মধ্যভাগে এসে সেই মন্দাভাব অনেকটাই কাটিয়ে ওঠেছে। তাই সূচক কাটাও এখন ঊর্ধ্বমুখী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সামিট পাওয়ার, এসিআই, মন্নু ফেব্রিক্স, আরামিট, ন্যাশনাল টি এবং ইস্টার্ন ইন্সুরেন্স ২০০৬ সালের লভ্যাংশ ঘোষণা করাই পুঁজিবাজার চাঙ্গা হওয়ার কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বেলা সাড়ে ১২টার দিকে ডিজিইএন বা সাধারণ সূচক চার দশমিক ২০ পয়েণ্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে এক হাজার ৭৩৮ দশমিক ০৩ হয়েছে। ডিএসআই বা সার্বিক সূচক দুই দশমিক ০৫ পয়েণ্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৪৮১ দশমিক ৩৫ পয়েণ্ট।

এই সময়ের মধ্যে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭৪টির এবং ২২টি কোম্পানির শেয়ার রয়েছে অপরিবর্তিত।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত শেয়ার বাজারে লেনদেন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। আর রোববার দিন শেষে এই অঙ্ক ছিল ৭৪ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা।

দাম কমলেও লেনদেনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার ৪৮৩ টাকা ৭৫ পয়সায় লেনদেন হলেও সোমবার তা হয়েছে ৪৮০ টাকা।

দাম বেড়েছে সামিট পাওয়ারের শেয়ারের। রোববারের ৫৬৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৫৭৬ টাকা হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

লেনদেনের দিক দিয়ে সামিট পাওয়ার এর পরেই স্থান করে নিয়েছে ডেসকো, ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

ডেসকো কোম্পানির শেয়ার ৭২৮ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৭৭৪ টাকায় লেনদেন হচ্ছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার ৫৬১ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ৫৫৭ টাকা ২৫ পয়সা।

এদিকে প্রাইম ব্যাংকের শেয়ার ৪৬৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৭২ টাকা। লেনদেনের শীর্ষে অবস্থানকারী প্রতিষ্ঠানের মধ্যে এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক, এআইএমএস-১ মিউচ্যুয়াল ফান্ড, সাউথ ইস্ট এবং এসিআই।