২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পেশ ও অনুমোদনে সাংবিধানিক সংকট দেখছেন না অর্থ উপদেষ্টা

আগামী অর্থবছরের বাজেট পেশ এবং অনুমোদনের ক্ষেত্রে কোনো সাংবিধানিক জটিলতা নেই বলে মনে করছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

অর্থ মন্ত্রণালয়ে রোববার সরকারের সম্পদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “সংসদের পরিবর্তে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাজেট অনুমোদিত হবে।এ ক্ষেত্রে কোনো সাংবিধানিক জটিলতা আছে মনে করি না”।

জনগণের অর্থ ব্যয়ের জন্য সংসদের মাধ্যমে বাজেট অনুমোদন করাই স্বাভাবিক রীতি। কিন্তু দেশে এখন সংসদ কার্যকর না থাকায় বাজেট পেশ ও অনুমোদন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।

এ ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা হবে কিনা-এই প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “পরিবর্তীত পরিস্থিতির কারণে ২০০৭-০৮ অর্থবছরের বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে অনুমোদিত হবে।”

এর আগে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা আসন্ন বাজেটের বিভিন্ন দিক ও রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “এ বছর রাজস্ব আদায় প্রায় ১২ শতাংশ বাড়বে। মার্চ মাস পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ৯ শতাংশ।”

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার চলতি অর্থবছরের জন্য ২১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এক ‘উচ্চাবিলাসী’ অভিহিত করেন উপদেষ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কারণে আগামী অর্থবছরের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে বলে বৈঠকে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত ২৫ হাজার ৫২ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। গত নয় মাসে রাজস্ব আয়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৭৯১ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আয় বেড়েছে মাত্র ৮ দশমিক ৫ শতাংশ।