২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে

কর কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, কর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণেই সরকার আগামী অর্থ বছর থেকে তাদের ক্ষমতা কমিয়ে দেওয়ার কথা ভাবছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামও সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বলেছেন, আগামী অর্থবছর থেকে কর কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হবে।

এসব অনুষ্ঠানে উপদেষ্টা নিজেও কর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যাবহারের বিষয়টি স্বীকার করেন। তবে এ ব্যাপারে তার হাতে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলে জানান তিনি।

এনবিআর কর্মকর্তারা জানান, সম্পদের হিসাব সংক্রান্ত প্রতিবেদনের অডিটের ক্ষেত্রে কর কর্মকর্তারা বিশেষ করে জেলা প্রশাসকরা (ডিসি) তাদের ক্ষমতার অপব্যবহার করেন। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়।

কর কর্মকর্তাদের দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, গত অর্থবছরে জোন-৩ এর এক করদাতা তার সম্পদের হিসেবে নগদ ৩৯ লাখ ২৮ হাজার টাকা থাকার কথা উল্লেখ করেন। কিন্তু অডিটের সময় তিনি কর্মকর্তাকে বলেন, তিনি সম্পদের হিসাবে টাকার অঙ্ক লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন। তার কাছে আসলে ওই পরিমাণ টাকা নেই। পরে ওই এলাকার জেলা প্রশাসক ঘুষ নিয়ে ওই ব্যক্তির সম্পদের হিসাবে নগদ টাকার পরিমাণ ১১ লাখ ২৭ হাজার দেখান।

একজন কর প্রশাসক জানান, “জেলা প্রশাসকদের এ ব্যাপারে কিছু বিশেষ ক্ষমতা থাকায় এ ধরনের ঘটনার ক্ষেত্রে তারা অধিকাংশ সময়ই করদাতাদের পক্ষে চূড়ান্ত রায় দেন। আর এর ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়।”

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৮৩ এ ধারা অনুযায়ী, আয়কর কর্মকর্তারা যখন কোনো করদাতার হিসাবে ভুল বা কাটাকাটি লক্ষ্য করবেন তখন তাকে অবশ্যই তা পরীক্ষা করার জন্য জেলা প্রশাসককে জানাতে হবে।

ওই অধ্যাদেশের ১২৮ ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার সম্পদের বিবরণীতে কোনো তথ্য গোপন রাখেন, ভুল তথ্য দেন কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য বিক্রি বা হস্তান্তর হওয়া সম্পত্তির সঠিক দাম উল্লেখ না করেন-তাহলে তাকে জরিমানা করা হবে। তবে এ জরিমানার পরিমাণ কোনোভাবেই তার গোপন করা সম্পত্তির দামের পাঁচগুনের বেশি হবে না।

তবে কর্মকর্তারা জানান, অধ্যাদেশের এই ধারাগুলো কদাচিৎ মেনে চলা হয়। সাধারণত কর কর্মকর্তারা এ ধরনের সমস্যাগুলো ঘুষের বিনিময়ে মিটিয়ে ফেলেন।

এনবিআর এর সদস্য (আয়কর নীতি) আহমদ আলি কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের পদক্ষেপের বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, “কেবল অর্থ উপদেষ্টাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাখেন।”

এনবিআর সূত্রে জানা যায়, আয়করের ভিত্তিতে ঢাকাকে আটটি, চট্টগ্রামকে তিনটি এবং রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশালকে একটি করে ট্যাক্স জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনকে আবার ২৩টি সার্কেল ভাগ করা হয়েছে।

প্রতিটি সার্কেলে বছরে গড়ে ৫০টি সন্দেহজনক আয়কর হিসাব পাওয়া যায় এবং এসব অসামঞ্জস্যপূর্ণ হিসাব অডিট করার জন্য বাছাই করা হয়।

তারা জানান, দেশে প্রতি অর্থবছরে গড়ে এক হাজারটি হিসাব অডিট করা হয়।