টানা দরপতনের পর চাঙ্গা হতে শুরু করেছে পূঁজিবাজার
টানা একমাসের দরপতনের পর বিনিয়োগকারীরা শেয়ার কিনতে শুরু করায় রোববার দিনের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত পূঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছে।
বিদ্যুৎ, ব্যাংক ও আইটি প্রতিষ্ঠানের শেয়ারই সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। বিভিন্ন কোম্পানি থেকে প্রাপ্ত মুনাফা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে।
বেলা ১১টা ৫৫ মিনিটে ডিজিইএন বা সাধারণ সূচক ১৩ দশমিক ২৮ পয়েন্ট বা ০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ১৭৩০ দশমিক ৮৯।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বা ডিএসআই ৯ দশমিক ৮৯ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১৪৭৮ দশমিক ০৭ হয়েছে।
যে কয়টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৮৯টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির।
বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৭ লাখ টাকার। বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার।
ঢাকা শেয়ার বাজারে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারই সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। এর পরেই রয়েছে ব্র্যাক ব্যাংক ও অগ্নি সিস্টেম।
বৃহস্পতিবার পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৮৪.২৫ টাকা থাকলেও রোববার বেলা ১১টা ৪৩ মিনিটে তা বেড়ে ৪৮৯ টাকা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৫৫০ টাকা থেকে বেড়ে ৫৬৮.২৫ টাকা হয়েছে। অগ্নি সিস্টেমের শেয়ারের দাম বৃহস্পতিবারের থেকে তিন টাকা বেড়ে রোববার ৪০ টাকা হয়েছে।
অগ্নি সিস্টেমের পরেই রয়েছে ডেসকো ও সাউথইস্ট ব্যাংকের শেয়ার। ডেসকোর শেয়ারের দাম ৭২২ টাকা থেকে বেড়ে ৭২৮ টাকা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩০৭.৭৫ টাকা থাকলেও তা ৬.২৫ টাকা বেড়ে ৩১৪ টাকা হয়েছে।
সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয়েছে এমন কয়েকটি কোম্পানির তালিকায় আরও রয়েছে ইউসিবিএল, শাহজালাল ব্যাংক, ইস্টার্ন কেবলস, এক্সিম ব্যাংক ও ইনটেক অনলাইনের নাম।
