বিদেশিদের পেছনে কোটি টাকা খরচ করতে হচ্ছে শিল্প মালিকদের
দেশে দক্ষ জনবলের অভাবে বিদেশি প্রকৌশলী ও মধ্যম সারির কারিগরদের পেছনে বছরে কোটি টাকার বেশি খরচ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের তৈরি পোশাক, নিটপণ্য ও বস্ত্রসহ অন্যান্য শিল্প খাতের মালিকরা।
দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্প ছাড়াও ইঞ্জিনিয়ারিং, অবকাঠোমো ও সেল ফোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে চার হাজারেরও বেশি বিদেশি কর্মী কাজ করছেন।
বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) দেওয়া তথ্য অনুযায়ী, এসব বিদেশি কর্মীর অধিকাংশই কাজ করছেন দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক ও বস্ত্র খাতে।
বেপজার দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোক্তারা অধিকাংশ ক্ষেত্রে চীন থেকে টেকনিশয়ান এবং ভারত থেকে মার্চেন্ডাইজারদের আনেন। এছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তাইওয়ান থেকেও দক্ষ জনবল আনা হয়।
প্রতি মাসে তাদের ৩৫০ থেকে ১৫০০ ডলার পর্যন্ত বেতন দেওয়া হয়। দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোতে বর্তমানে প্রায় ১২০০ বিদেশি শ্রমিক কাজ করছেন বলে বেপজা কর্মকর্তারা জানান।
অন্যদিকে ইপিজেডগুলোর বাইরের প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকদের নিয়োগের অনুমতি দেয় বিনিয়োগ বোর্ড। বিনিয়োগ বোর্ডের এক কর্মকর্তা জানান, এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে প্রায় ৩ হাজার বিদেশি শ্রমিক কাজ করছেন।
ওই কর্মকর্তা বলেন, “অধিকাংশ বিদেশি কর্মী পোশাক ও বস্ত্র খাতে কাজ করতে আসেন। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি, ইস্পাত ও প্রকৌশল শিল্পে কাজের অনুমতি চেয়েও আবেদন করেন অনেকে। সেল ফোন অপারেটররাও বিদেশি টেকনিশিয়ানকে নিয়োগ দিচ্ছে।”
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে দক্ষ জনবলের অভাবে আমরা বিদেশ থেকে লোক আনতে বাধ্য হচ্ছি। বিশ্ব বাজারে টিকে থাকার জন্যই আমাদের এটা করতে হচ্ছে।”
তিনি জানান, গার্মেন্টস মালিকরা সাধারণত প্রোডাকশন ম্যানেজার, ম্যার্চেন্ডাইজার ও কোয়ালিটি কন্ট্রোলারের মতো মধ্যম সারির কর্মীদের বিদেশ থেকে আনে।
আনোয়ার উল আলম চৌধুরী বলেন, “দেশের প্রয়োজনের কথা ভেবে দক্ষ জনবল তৈরির জন্য তেমন কোনও শিক্ষা ও কারিগরী প্রতিষ্ঠান গড়ে না তোলায় আজকের এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি’ নামের বিজিএমইএ এর একটি প্রতিষ্ঠান এ শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির চেষ্টা করছে। তবে চাহিদার তুলনায় তা একেবারেই কম।”
তিনি জানান, প্রতিবছর আমাদের দেশে প্রায় ছয় হাজার মাঝারি পর্যায়ের কর্মী প্রয়োজন।
বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার বলেন, “আমাদের দেশের শ্রমিকরা ডায়িং ও ফিনিশিং কাজ যথেষ্ট দক্ষতার সঙ্গে করতে পারেন না। অন্যান্য কাজের ক্ষেত্রেও তাদের দক্ষতার অভাব রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় বিদেশি শ্রমিকদের তুলনায় তারা কাাঁচামাল নষ্ট করেন বেশি।”
তিনি বলেন, দেশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মনে করেন, প্রতিষ্ঠানটির আরো উন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বস্ত্র শিল্পের ওপর ফ্যাকাল্টি চালু করারও পরামর্শ দেন তিনি।
