২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ কোটি আমেরিকান ডলার ছুঁতে যাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ

বিশ্ব ব্যাংকের উন্নয়ন সাহায্যের চতুর্থ কিস্তির টাকা এবং রূপালী ব্যাংক বিক্রির টাকা পেলে শিগগিরই দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ৫০০ কোটি আমেরিকান ডলার হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রপ্তানি আয় এবং রেমিটেন্সের অব্যাহত প্রবাহের কারণে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪৩ কোটি ডলার হয়েছে বৃহস্পতিবার। এপ্রিলের শুরুতে রিজার্ভের পরিমান ছিল ৪২০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজেমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব ব্যাংকের উন্নয়ন সাহায্যের চতুর্থ কিস্তির টাকা এবং রূপালী ব্যাংক বিক্রির টাকা পেলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান ৫০০ কোটি ডলার হতে পারে।”

সরকারের পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসা বিশ্ব ব্যাংকের এক অর্থনীতিবিদ জানিয়েছেন, চলতি বছরের জুনের মধ্যে বাংলাদেশ উন্নয়ন সাহায্যের চতুর্থ কিস্তির টাকা পেতে পারে।

এদিকে সরকার সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংকের ৯৪ শতাংশ শেয়ার বিক্রি থেকে ৪ কোটি ৫৮ লাখ ডলার পাবে।

সাম্প্রতিক সময়ে রেমিটেন্স এবং রপ্তানি আয়ের প্রবাহকে ইতিবাচক মন্তব্য করে কাজেমি জানান, ১৯ এপ্রিল পর্যন্ত রেমিটেন্সের পরিমান ছিল ৩ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রেমিটেন্সের প্রবাহ ২৫ ভাগের বেশি বেড়ে ৪৩৬ কোটি ডলার হয়। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় ২১ দশমিক ১৩ ভাগ বেড়ে ৮০ লাখ ২৩ হাজার ৮৭০ কোটি টাকা হয়েছে। গত বছর একই সময়ে রপ্তানি আয়ের পরিমান ছিল ৬৬ লাখ ২৪ হাজার ২১০ কোটি ডলার।

সরকার বৈদেশিক সাহায্যও পেতে যাচ্ছে বলে তিনি জানান।

বৈদেশিক লেনদেন এবং ঋণ শোধের সরকারি সামর্থ্যরে নিয়ন্ত্রক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবছরের জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে।

তবে আটটি দেশের বৈদেশিক লেনদেন মধ্যস্থতাকারী সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) প্রাপ্ত অর্থ পরিশোধ করলে রিজার্ভের পরিমাণ কমবে। বাংলাদেশ ব্যাংক এসিইউকে প্রায় ৪ কোটি ডলার পরিশোধ করবে বলে আশা করছে।

সিটি ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার সন্তোষজনক থাকায় রপ্তানি এবং রেমিটেন্স পাঠানোর হার বেড়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক স্থানীয় বাজার থেকে মুদ্রা কেনার কারণে রেমিটেন্স এবং রপ্তানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার আকর্ষনীয় পর্যায়ে রয়েছে।”

তবে এই কৃত্রিম নিয়ন্ত্রণ ব্যবস্থা (স্থানীয় বাজার থেকে মুদ্রা ক্রয়) বন্ধ হলে টাকার মান কমার কারণে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুমোদিত মাত্রা ঠিক রাখার জন্য বাংলাদেশ ব্যাংক সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় করে।