২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট ও ডিজাইন এবং ট্রেডমার্ক আইন সংশোধনের উদ্যোগ

১৯১১ সালের পেটেন্ট ও ডিজাইন আইন এবং ট্রেডমার্ক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী বছরের শুরুতে সংশোধিত আইন দুটোর অনুমোদন দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বিশ্ব মেধাসত্ত্ব দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমীন বৃহস্পতিবার এ কথা জানান।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও টেডমার্কস অধিদপ্তর এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে “এনকারেজিং ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাওয়ারনেস বিল্ডিং অন আইপিআর” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সচিব বলেন, শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে আইন দুটো সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আগামী বছরের শুরুতে আইনগুলো অনুমোদন পেয়ে যাবে বলে আশা করা যায়।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে আরো বক্তব্য রাখেন সাউথ-ইষ্ট বিশ্ববিদ্যালয় উপাচার্য এম শমসের আলী ও মোস্তাফা জব্বার।

মীর নাসির বলেন, দেশে আইন থাকলেও তার প্রয়োগ নেই। অজ্ঞতার কারণে মেধাসত্ত্ব বিষয়ে আইনি পদক্ষেপও খুব একটা নেওয়া হয়নি। তাই এ আইনের ব্যাপারে জনগণের সচেতনতা বাড়ানো প্রয়োজন। তাছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্যও এ আইন যুগোপযোগী করা দরকার।