স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে পারে যুক্তরাষ্ট্র
তৈরি পোশাকের পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর কৃষিপণ্যসহ সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে কংগ্রেসে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বৃহস্পতিবার এ কথা জানান।
ফজলুল হক গত ১৯ থেকে ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্র সফর করেন। বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি তার সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।
তিনি বলেন, বিলটির ব্যাপারে আগামী ১৬ মে সিনেটে উন্মুক্ত শুনানি হবে। শুনানিতে উপস্থিত থাকার জন্য নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে।
১৫টি স্বল্পোন্নত দেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য দেশগুলোর পক্ষ থেকে গত দুই বছর ধরে জোর তদবির চালানো হয়। এ বছরের শুরুতে ‘ট্রেড বিল’ নামে এ সংক্রান্ত একটি বিল সিনেটে উত্থাপিত হয়। মুহাম্মদ ইউনূস ওই বিলটি পাশের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটদের অনুরোধ করেছিলেন।
এ ব্যপারে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে একজন বেসরকারি বাণিজ্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধার পাওয়ার ক্ষেত্রে লবিস্ট ফার্মের চেয়ে একজন বাণিজ্য বিশেষজ্ঞ অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
ফজলুল হক ও বিজিএমইএ সহসভাপতি ফয়সাল সামাদ যুক্তরাষ্ট্র সফরের আগে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত এমএফএ ফোরমের সম্মেলনের যোগ দেন। যুক্তরাষ্ট্র সফরকালে তারা শিশুশ্রম বন্ধের জন্য প্রস্তাবিত এন্টি সোয়েট শপ বিল নিয়ে সিনেটর ব্যারন ডরগ্যান ও ন্যাশন্যাল লেবার কমিটি ফর হিউম্যান রাইট নেতাদের সঙ্গে দেখা করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, এন্টি সোয়েট শপ বিল নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিল কোনো নির্দিষ্ট দেশের জন্য প্রণয়ন করা হবে না। বরং শিশু শ্রমিক ব্যবহারের ক্ষেত্রে সুনিদিষ্ট কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এতে প্রস্তাব রাখা হয়েছে।
নতুন বিলটির ব্যাপারে ধারণা দিতে গিয়ে ফজলুল হক বলেন, স্বল্পোন্নত দেশগুলোর সব ধরনের পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সবিধা দেওয়ার জন্য এটি হবে একটি একটি সম্বন্বিত বিল। আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (আগোয়া ) আওতায় যুক্তরাষ্ট্রে যে সব স্বল্পোন্নত দেশ শুল্কমুক্ত সুবিধা পায়নি, তারাও এ সুবিধার আওতায় আসবে।
বিকেএমইএ নেতা কাশেম জামাল, হাতেম আলী ও আবদুল বাসেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
