পুঁজিবাজারের পালে নতুন হাওয়া
শেখ হাসিনার দেশে ফেরা এবং খালেদা জিয়ার চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। একমাসের স্থবিরতা কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত চাঙ্গাভাব লক্ষ করা গেছে বাজারে। বিনিয়োগকারীরাও ফিরে পেয়েছেন নতুন উদ্যম।
এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রামীণ এমএফ এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বলেছেন, “রাজনৈতিক নতুন উদ্যোগে শেয়ার বাজারের পালেও হাওয়া লেগেছে। বেশ ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে বাজার। আমার মতে, অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে গেছে এখন।”
বেলা ১১টা ৫৭ মিনিট নাগাদ মূল সূচক ডিজিএন বা সাধারণ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বা শতকরা ১ দশমিক ১১ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ১৭১৭.৯২ এ।
ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ১৩ দশমিক ৮০ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ৯৪ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৯.১৭।
দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা। বুধবার এই পরিমাণ ছিল ৫২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।
দিনের মধ্যভাগ পর্যন্ত যতোগুলো শেয়ারের লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২৫টির এবং ১৪টির দাম অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা ৪১ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। বুধবারের ৫৩৪.৭৫ টাকা থেকে বেড়ে এর শেয়ারের দাম দাঁড়ায় ৫৪৮ টাকা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম আগের দিনের মতোই ৪৮৪ টাকা ছিল। এক্সিম ব্যাংকের শেয়ারের দাম ৩৪১.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪৭ টাকা। লেনদেনের দিক দিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে শাহজালাল ব্যাংক ও ডেসকো। শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ২১৫.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২২ টাকা এবং ডেসকোর শেয়ারের দাম ৭২৫.৭৫ টাকা থেকে হয়েছে ৭২৮ টাকা।
