স্থবির হয়ে আছে পুঁজিবাজার
ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন সূচক বাড়লেও মঙ্গলবার পুঁজি বাজারে তেমন কোন পরিবর্তন হয়নি। লেনদেন কিছুটা বাড়লেও শেয়ার কেনাবেচায় স্থবিরতা বিরাজ করছে।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, “আগের তুলনায় শেয়ার বিক্রির প্রবণতা কমার কারণে মনে হচ্ছে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে।”
এক সপ্তাহ ধরে দাম বাড়ার পর লভ্যাংশ তুলে নেওয়ার কারণে মিউচুয়াল ফান্ডেগুলোর শেয়ারের দাম কমেছে।
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমান ৪০ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। সোমবার লেনদেনের পরিমান ছিল ৩৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা। আগেরদিন ৭ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, বাজারে এখনো মন্দাভাব বজায় আছে। তিনি বলেন, “ অধিকাংশ বিনিয়োগকারী দেখেশুনে পা ফেলার নীতি অনুসরণ করার কারণেও লেনদেনে প্রভাব পড়েছে।”
ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ২৭ ভাগ বেড়ে ১,৬৯৩ দশমিক ৪৪ পয়েন্ট হয়।
রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে ১,৪৫৩ দশমিক ৬২ পয়েন্ট হয়।
আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৩৮ ভাগ বেড়ে ১,৩৪০ দশমিক ৭৮ পয়েন্ট হয়।
বন্ধকী ও ঋণদানকারী প্রতিষ্ঠান, সেবা ও আবাসন খাত, সিরামিক এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় সিএসইতে লেনদেন বেড়েছে। নির্দিষ্ট শেয়ার সূচক ছাড়া বাকি শেয়ার সূচকগুলো উর্ধ্বগামী ছিল।
দিনশেষে ব্র্যাক ব্যাংক ৪ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা এবং পাওয়ার গ্রিড কোম্পানি ৪ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার লেনদেন করে ডিএসইতে শীর্ষ স্থানে ছিল। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৩১ টাকা হয়। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম দশমিক ১০ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৪ টাকা ২৫ পয়সা।
ডেসকোর শেয়ারের দাম দশমিক ২৪ শতাংশ কমে ৭২৬ টাকা ২৫ পয়সা হয়।
রূপালী ব্যাংকের শেয়ার ৩ দশমিক ৭৮ ভাগ বেড়ে ২,৩৯৭ টাকা ৫০ পয়সা হয়েছে। শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৬৮ শতাংশ কমে ২১৬ টাকা ২৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, বিওসি বাংলাদেশ এবং মুন্নু সিরামিক। ক্ষতিগ্রস্তদের তালিকায় এগিয়ে ছিল টিবিএল, গালফ ফুডস এবং বাংলাদেশ অটো কারস।
ডিএসইতে দাম বেড়েছে ১১০ টি প্রতিষ্ঠানের কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে ৪১ টির কমেছে এবং সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
