দেশে করের আওতাভুক্ত ৭৫ ভাগই কর দেন না
আয়ের হিসাবে দেশে করের আওতাভুক্ত ব্যক্তিদের ৭৫ ভাগই নিয়মিত কর দেন না। তাই নতুন করদাতাদের সন্ধানে নেমেছে রাজস্ব বোর্ড। ইতিমধ্যে ঢাকায় অভিযান শুরু হয়েছে, বিভাগীয় শহরসহ বড় শহরগুলোয় এর আওতায় আনা হচ্ছে।
২০০৫ সালে সরকার পরিচালিত ‘হাউজ হোল্ড ইনকাম এবং এক্সপেনডিচার সার্ভে’ (এইচআইইএস) এ দেখা যায়, কর দেওয়ার নিম্নসীমা অর্থাৎ বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকার বেশি আয় করা ব্যক্তির সংখ্যা ৫৪ লাখ। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য এ বছরের মার্চের তথ্য অনুযায়ী, ৪২ হাজার ৭৭৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ কর দেওয়া ব্যক্তির সংখ্যা মাত্র ১৩ লাখ ৫০ হাজার।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি আরও জানান, রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার।
এর অর্থ, তালিকাভুক্তদের মধ্যেও অনেকে কর দেন না।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আশেক হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন করদাতাদের আওতাভুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সম্ভাব্য করদাতার সংখ্যা এখন চেয়ে অনেক বেশি বলেই আমরা মনে করছি।”
রাজস্ব বোর্ড গত ২৯ শে মার্চ থেকে কমপক্ষে ১৫ হাজার নতুন করদাতা খুঁজে বের করতে ঢাকা মহানগরে তিন মাসের এক সমীক্ষা শুরু করেছে। এর আওতায় আটটি দল প্রতিদিন কমপক্ষে ২০ জন করদাতা চিহ্নিত করার জন্য কাজ করছে।
আশিক হোসেন আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে শপিং মল, ডায়গনস্টিক সেন্টার, ক্লিনিক, কনসালটেন্ট, ল ফার্ম ও কোচিং সেন্টারগুলোর মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাজ সীমিত রেখেছি।”
বিভাগীয় শহরসহ অন্য বড় শহরগুলোও সমীক্ষার আওতাভুক্ত করা হবে বলে জানান তিনি।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার করের পরিমাণ না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম রোববার জানান, “বাংলাদেশে কর দেওয়ার প্রবণতা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। কর আদায় আরও বাড়ানো উচিত। কিন্তু তা পরিমাণে না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পক্ষে আমার অবস্থান।”
