মে মাসেই পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব তিনটি ব্যাংক
রাষ্ট্রায়ত্ত্ব সোনালী, অগ্রণী ও জনতা ব্যাক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আগামী মাসের প্রথম দিকে নিবন্ধিত হবে। জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর নিবন্ধন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।
রোববারই এ ব্যাপারে আবেদন করেছে ব্যাংক তিনটি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “আবেদনে কোনো সমস্যা না থাকলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিবন্ধন করার অনুমতি দেওয়া হবে।”
গত ৩ এপ্রিল সরকারের জারি করা নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছে।
ওই নির্দেশনায় এই ব্যাংক তিনটিকে ২২ এপ্রিলের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য আবেদন করতে বলা হয়েছিল।
তিনটি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক প্রয়োজনীয় সব কাগজপত্র এবং অগ্রণী ও জনতা ব্যাংক রেজিস্ট্রার বরাবর পে অর্ডার জমা দেয়।
এর আগে এই ব্যাংকগুলো তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি চেয়েছে।
সোনালী ব্যাংক ৫০০ কোটি টাকা, জনতা ব্যাংক ২৫৯ কোটি ৩৯ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংক ২৪৮ কোটি ৪২ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়াতে চাইছে।
এখন সোনালী ব্যাংকের এক হাজার কোটি টাকা অনুমোদিত পুঁজি রয়েছে। অন্যদিকে, জনতা ও অগ্রণী ব্যাংকের অনুমোদিত পুঁজির পরিমাণ ৮০০ কোটি টাকা করে।
