ক্রয় আদেশের অভাবে কয়েকটি পোশাক কারখানা সাময়িক বন্ধ
পর্যাপ্ত ক্রয় আদেশ (অর্ডার) না পাওয়ায় পোশাক শিল্পের কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেছেন, প্রত্যাশার তুলনায় প্রায় ২০ ভাগ কম ক্রয় আদেশ পাওয়ায় তিন মাস ধরে এই অবস্থা চলছে।
১৩ এপ্রিল বন্ধ হওয়া ঢাকার কুড়িলের জেমস ডিজাইন গার্মেন্টসের ব্যবস্থাপক জামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজের অভাবে আগামী দুই মাস কারখানা বন্ধ থাকবে।”
বিজিএমইএ তিন মাসে বন্ধ হওয়া কারখানার সংখ্যা জানাতে না পারলেও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম রনি দাবি করেছেন, এই সংখ্যা প্রায় ৪০টি।
এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বুধবার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত ক্রয় আদেশ পাওয়া যায়নি।
বাংলাদেশী তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্রে এ বছরের প্রথম দুই মাসে চীনের রপ্তানি বেড়েছে ৩৩৭ শতাংশ।
এ তথ্য জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, চীনের প্রভাবেই আমরা প্রত্যাশার তুলনায় প্রায় ২০ শতাংশ কম ক্রয় আদেশ পেয়েছি। আর এর প্রভাবে বেশ কয়েকটি সাবকন্ট্রাকটিং প্রতিষ্ঠানসহ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে।
অবশ্য মে মাসের শেষ দিক থেকে এ অবস্থা পরিবর্তন ঘটবে বলে জানান তিনি।
তৈরি পোশাক কারখানা মালিকরা জানিয়েছেন, বছরের এই সময়ে এমনিতেই ক্রয় আদেশ কম থাকে। বিশেষ করে সুয়েটার পণ্যের বড় ধরনের উৎপাদন বন্ধ থাকে কারখানায়। পাশাপাশি ইউরোপের দেশগুলোতে শীত আসতে দেরি হওয়ায় এবার সুয়েটার অর্ডার কম পাওয়া গেছে।
আরাফ গ্রুপের পরিচালক নাইমূল বাশার চৌধুরী বলেন, গত দেড় বছরে দেশের পোশাক কারখানায় অপরিকল্পিতভাবে উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। কিন্তু সে অনুযায়ী গত তিন মাসে ক্রয় আদেশ আসেনি।
তিনি আরো বলেন, ক্রয় আদেশের অভাবে খানিকটা সঙ্কট তৈরি হয়েছে। অবশ্য এখন আসতে থাকা আদেশের ধারা দেখে মনে হচ্ছে আগামী মাসগুলোতে সঙ্কট কেটে যাবে।
