ঝুলে থাকা বড় বিনিয়োগ প্রকল্পের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চায় বোর্ড
প্রস্তাবিত বড় কয়েকটি বিদেশি বিনিয়োগ প্রকল্পের ব্যাপারে সরকারকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে তাগাদা দিয়েছে বিনিয়োগ বোর্ড। বোর্ড মনে করছে দ্রুত সিদ্ধান্ত নিলে দেশের সামগ্রিক বিদেশি বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটবে।
প্রস্তাবিত বড় বিদেশি বিনিয়োগ প্রকল্পের মধ্যে আছে ভারতের টাটা গ্রুপের ৩০০ কোটি ডলারের প্রস্তাব, যুক্তরাজ্য ভিত্তিক এশিয়া এনার্জির ২৫০ কোটি ডলারের প্রস্তাব, একই দেশের ভলকান এনার্জির ১৬০ কোটি ডলারের প্রস্তাব, দক্ষিণ কোরিয়ার লাক্সন গ্লোবালের ১৫০ কোটি ডলারের প্রস্তাব এবং সৌদি আরবের কিংডম গ্রুপের প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে আরও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাবে।”
বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান মতে, ২০০৬ সালের সরাসরি বিদেশি বিনিয়োগ লক্ষ্যমাত্রা ১০০ কোটি ডলারের বিপরীতে ৭০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে।
একই সময়ে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলার এবং চীনে ৬ হাজার ৩শ কোটি ডলার।
বিনিয়োগ বোর্ডের তথ্য মতে, বাংলাদেশে ২০০৪ সালে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৪৬ কোটি ৪০ হাজার ডলার। ২০০৫ সালে ৮৪ শতাংশ বেড়ে এর পরিমাণ দাড়ায় ৮৪ কোটি ৫ লাখ ৩০ হাজার ডলার।
২০০৬ সালে বিদেশী বিনিয়োগ কম হওয়ায় দেশের রাজনৈতিক সঙ্কটকে দায়ী করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী প্রধান । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশি বিদেশি বিনিয়োগ আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বিনিয়োগ বোর্ড নির্বাহী প্রধান আশা করেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার ঝুলে থাকা বিদেশী বড় বিনিয়োগ প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করবে।
বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা জানান, বিগত সরকারগুলোর বিদেশি বিনিয়োগ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিধিমালা এবং নির্দেশনা তৈরি করতে না পারায় এ ব্যাপারে বোর্ড কোনও পদক্ষেপ নিতে পারেননি।
২০০৬ সালে বিদেশী বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও বিনিয়োগ বোর্ড ২০০৭ সালের বিনিয়োগ লক্ষ্যমাত্রা ১২০ কোটি ডলার, ২০০৮ সালে ১২০ কোটি ডলার, ২০০৯ সালে ১৪০ কোটি ডলার ও ২০১০ সালে ১৬০ কোটি ডলার ঠিক করেছে। ২০১৫ সালে ২৬০ কোটি ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
নজরুল ইসলাম বলেন, “পরবর্তী কয়েক বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে বোর্ড রক্ষণাত্মক মনোভাব দেখিয়েছে।”
তিনি আশা করেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগের এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বোর্ড এই বছর টোকিও, নিউ ইয়র্ক, লন্ডন এবং দুবাইয়ের মতো বড় শহরগুলোতে সেমিনারের আয়োজন করবে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করা হবে।
